ব্রাজিলীয় তারকা নেইমার ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির গোলে লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। শনিবার নগরপ্রতিদ্বন্দ্বী স্পানিওলের মাঠে ২-০ গোলে জিতেছে কোচ লুইস এনরিকের শিষ্যরা।

এই জয়ের ফলে লিগ টেবিলে শীর্ষস্থান আরো মজবুত করল বার্সা। ৩৩ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে দলটি। এক ম্যাচে কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। আর ৩২ ম্যাচে ৬৯ পয়েন্ট তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের।

ম্যাচের ১৭ মিনিটের মাথায় স্পানিওলের ঘরের মাঠে লিড নেয় বার্সা। মেসির দারুণ এক পাস থেকে বল পান জরদি আলবা। আলবার বাড়িয়ে দেওয়া বলে সুয়ারেজ শট নিতে গিয়ে সুযোগ বুঝে ছেড়ে দেন। সুয়ারেজের ছেড়ে দেওয়া বলে শট নিয়ে গোল আদায় করেন ব্রাজিল তারকা নেইমার।

এরপর লিড দ্বিগুণ করেন মেসি। খেলার ২৫ মিনিটের মাথায় সুয়ারেজের সহায়তায় গোল করেন আর্জেন্টাইন তারকা।

প্রথমার্ধে আর কোনো গোল না হলে ২-০ গোলে এগিয়ে থেকে বিশ্রামে যায় লুইস এনরিকের বার্সেলোনা।

বিরতির পর স্পানিওলের গোলরক্ষক ক্যাসিয়াকে একা পেয়েও গোল আদায় করতে ব্যর্থ হন সুয়ারেজ। বল ক্যাসিয়ার গায়ে মেরে গোলের দেখা মেলেনি সুয়ারেজের।

৫৪ মিনিটের মাথায় দশ জনের দলে পরিণত হয় অতিথি হিসেবে খেলতে যাওয়া বার্সা। এ সময় লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান কাতালানদের তারকা জরদি আলবা।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল হয়নি। খেলার শেষ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্প্যানিওলের হেক্টর মোরেনো।

জেডআই