বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্বে টানা পঞ্চম জয় নিশ্চিত করেছে টুর্নামেন্টের সহ আয়োজক নিউজিল্যান্ড।

রোববার নেপিয়ারের ম্যাকলিয়েন পার্কে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করা আফগানদের ১৮৭ রানের জবাবে ১৩.৫ ওভার বাকি থাকতে জয় তুলে নেয় ম্যাককালাম বাহিনী।

টস জিতে ব্যাটিং করতে নেমে কিউই বোলারদের দাপুটে বোলিংয়ে মাত্র ১৮৬ রানেই অল আউট হয়ে যায় আফগানিস্তান। ব্যাটিং থেকে দুটি অর্ধ শতক আসলেও অন্য ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে শামিল হওয়ায় দু’শ রানের নিচেই শেষ হয় তাদের ইনিংস।

শুরুতেই দ্রুত দুটি উইকেট হারায় আফগানিস্তান। বোল্টের করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাঝঘরের পথ ধরেন জাভেদ আহমাদি (১)। পরে তৃতীয় ওভারের প্রথম বলে ভেট্টরির বলে সরাসরি বোল্ড হন উসমান গনি (০)। ভেট্টরি দ্বিতীয় শিকারে পরিণত করেন ব্যাটসম্যান নওরোজ মঙ্গলকে (২৭)।

খেলার ৮.২ ওভারে ট্রেন্ট বোল্টের বলে মার্টিন গাপটিলের কাছে ক্যাচ দিয়ে ১৮ বলে ৯ রান করে আউট হন স্তানিকজাই। ম্যাচ সেরা পারফর্মার ভেট্টরির করা দলীয় ২০তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে আউট হন মোহাম্মদ নবী (৬) ও আফসার জাজাই (০)। ফলে ৭০ রানে পৌছার আগেই ৬ উইকেট হারিয়ে বসে এশিয়ার নবীন দলটি।

সপ্তম উইকেট জুটিতে সামিউল্লাহ সেনওয়ারি ও সামিউল্লাহ সেনওয়ারি প্রাথমিক বিপর্যয় সামাল দিতে দেখেশুনে ব্যাট করে দলকে শত রান পার করে দেন। সামিউল্লাহ সেনওয়ারির অর্ধ শতক আফগান ব্যাটিংয়ে কিছুটা আলোও ছড়িয়েছে। শেষ ভাগে এসে নাজিবুল্লাহ জাদরানের আরেকটি অর্ধ শতকে বিপর্যয় এড়িয়ে ঘুরেও দাঁড়িয়েছিল আফগানিস্তান।

তবে দলীয় ১৪৫ রানে অ্যাডাম মিলনের বলে আউট হন তিনি। ৫৬ বলে সমান ৫৬ রান করে ভেট্টরির ক্যাচে পরিণত হন নাজিবুল্লাহ। তবে অন্যপ্রান্তে থাকা সামিউল্লাহ সেনওয়ারির কল্যানে দলীয় দেড়শ রান পার করে আফগানরা। দারুণ বোলিং করতে থাকা ট্রেন্ট বোল্ট এর আগে নিজের তৃতীয় উইকে হিসেবে তুলে নেন দৌলাত জাদরানকে। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন দৌলাত (১)। সেই সঙ্গে আফগানদের আট উইকেটের পতণ ঘটে। এরপর কোরি এন্ডারসন প্রথমে তুলে নেন অর্ধ শতক করা সামিউল্লাহ’র (৫৪) উইকেটটি।

৪৭.৪ ওভারে হামিদ হাসানকে (১৬) আউট করে নিজের দ্বিতীয় উইকেট পূরণ করেন কোরি অ্যান্ডারসন। ফলে ১৮৬ রানেই থেমে যায় আফগান ইনিংস। ভেট্টরি ১৮ রান দিয়ে ৪টি এবং বোল্ট ৩৪ রান দিয়ে লাভ করেন তিন উইকেট। ৩৮ রান দিয়ে ২ উইকেট লাভ করেন কোরি এন্ডারসন।

জয়ের লক্ষে খেলতে নেমে আফগানিস্তানের বিপক্ষে স্বল্প টার্গেটে ব্যাটিংয়ে নেমেও আক্রমণাত্বক হয়ে খেলতে থাকেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। কিন্তু মাত্র ১৯ বলে ৪২ রান করা কিউই অধিনায়ককে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান আফগান দলপতি মোহাম্মদ নবী। আউট হবার আগে ম্যাককালাম তার ইনিংসটিতে ছয়টি চার ও একটি ছক্কা মারেন।

এরপর ৩৩ রান করা কেন উইলিয়ামসনকে ফেরান সাপুর জাদরান। শেষ দিকে এসে ওপেনার মার্টিন গাপটিল ও গ্র্যান্ট এলিয়টকে (১৯) রান আউটের শিকার হতে হয়। আউট হবার আগে দলীয় সর্বোচ্চ ৫৭ রান সংগ্রহ করেন গাপটিল।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান : ১৮৬/১০; ৪৭.৪ ওভার (নাজিবুল্লাহ জাদরান ৫৬, সামিউল্লাহ সেনওয়ারি ৫৪; ভেট্টরি ৪/১৮, বোল্ট ৩/৩৪, কোরি এন্ডারসন ২/৩৮)

নিউজিল্যান্ড: ১৮৮/৪; ৩৬.১ ওভার (মার্টিন গাপটিল ৫৭, ব্রেন্ডন ম্যাককালাম ৪২, কেন উইলিয়ামসন ৩৩; মোহাম্মদ নবী ১/৩৯, সাপুর জাদরান ১/৪৫) ।

ফল : নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : ডেনিয়েল ভেট্টরি (নিউজিল্যান্ড)।

জেডআই