শেষ ষোলোতে দিতে হয়েছে অগ্নিপরীক্ষা। পিএসজির বাধা পেরিয়েও স্বস্তিতে থাকতে পারল না রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালেও রোনাল্ডোরা পেলেন কঠিন প্রতিপক্ষ। চ্যাম্পিয়ন্স লীগে গত আসরের ফাইনালের পুনর্মঞ্চায়ন হতে যাচ্ছে এবার শেষ আটেই।
শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে হয়ে যাওয়া কোয়ার্টার ফাইনালের ড্র মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে গতবারের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসকে।
জিভে জল আনা আরেকটি মহারণের মঞ্চও প্রস্তুত হয়ে গেল। শেষ আটে দেখা হবে দুই ইংলিশ জায়ান্ট ম্যানসিটি ও লিভারপুলের। ড্র ভাগ্যে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে অন্য দুই পরাশক্তি বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ।
বার্সার সামনে পড়েছে রোমা। আর বায়ার্নের প্রতিপক্ষ সেভিয়া। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ৩ ও ৪ এপ্রিল। ফিরতি ম্যাচ ১০ ও ১১ এপ্রিল।
চ্যাম্পিয়ন্স লিগ যুগে প্রথম দল হিসেবে টানা দু’বার ইউরোপসেরাও হওয়ার পথে গতবার ফাইনালে জুভেন্টাসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল রিয়াল। এর আগে ২০১৪-১৫ মৌসুমের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরেছিল জুভেন্টাস।
এবার শেষ আটে তার বদলা নেয়ার সুযোগ তুরিনের বুড়িদের সামনে। শেষ ষোলোতে টটেনহ্যামকে হারিয়ে তারা বুঝিয়ে দিয়েছে রিয়ালের কাজটা সহজ হবে না। ম্যানসিটি ও লিভারপুলও চেনা
শত্রু। তবে ইউরো মঞ্চে এই প্রথম দেখা হচ্ছে তাদের। প্রথম লেগ হবে লিভাপুলের ডেরা অ্যানফিল্ডে। লীগ শিরোপা প্রায় মুঠোয় ভরে ফেলা ম্যানসিটিকে এবার ইংলিশ প্রিমিয়ার লীগে হারাতে পেরেছে শুধু লিভারপুল।
তবে ড্রতে নিজেদের সবচেয়ে বেশি দুর্ভাগা ভাবতে পারে রোমা। বার্সেলোনাকে কেইবা প্রতিপক্ষ হিসেবে পেতে চায়! এএফপি।
এমআর





