বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপা জিততে রোববার বঙ্গবন্ধু স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে লড়াইয়ে নামছে বাংলাদেশ। বিকাল ৫টায় শুরু হবে তাদের লড়াই।

দীর্ঘ ১৫ বছর পর শুরু হওয়া গোল্ড কাপে প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। শেষ ম্যাচেও সেই মালয়েশিয়া। এবার তাদের বিপক্ষে প্রতিশোধ নেয়ার সুযোগ। সেই সঙ্গে সুযোগ ঘরের মাঠে শিরোপা নিশ্চিত করার।

প্রথম ম্যাচে জিতলে খেলোয়াড়দের ৩০ লাখ টাকা পুরস্কার দেয়ার কথা ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন। সেই ম্যাচে জিততে পারেনি তারা। এবার জিততে পারলে এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

তবে বাংলাদেশ দল পুরস্কারের জন্য নয়, খেলবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের জন্য। এমন কথাই জানিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম। তিনি বলেছেন, "কথা দিয়েছিলাম সেমিফাইনালে খেলব। সেই অঙ্গীকার পূরণ করেছি। এরপর চেয়েছিলাম ফাইনালে খেলব। সেটিও পূরণ হয়েছে। এখন ফাইনালে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের জন্য খেলব। শিরোপা জিতে তা শহীদদের আত্মার জন্য উৎসর্গ করতে চাই।"

তিনি আরো বলেন, "প্রতিশোধ নেয়া বড় কথা নয়। আমাদের লক্ষ্য শিরোপা জয়। এটি জিততে পারলে দেশের মানুষ মনে রাখবে।"

ফাইনাল ম্যাচের আগে বাংলাদেশ দলে কোনো ইনজুরি সমস্যা নেই। সেই সঙ্গে ঘরের মাঠে খেলবে তারা। আছে হাজার হাজার দর্শকদের সমর্থন। ফলে শিরোপা জয়টি সহজ হতে পারে বাংলাদেশের। এমন ইঙ্গিত দিয়ে কোচ লোডভিক ডি ক্রুইফ বলেছেন, "দলে কোনো ইনজুরি সমস্যা নেই। ঘরের মাটিতে খেলব। দর্শকদের জন্য খেলব। মানসিকভাবে দলকে প্রস্তুত করার চেষ্টা করছি। এখন আমাদের লক্ষ্য শিরোপা জয় করা।"

জেডআই