পাকিস্তানের কোচ ওয়াকার ইউনিস জানিয়েছেন, চলতি বিশ্বকাপে নিজেদের শক্তিমত্তা প্রমাণের জন্য তার দল শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারাতে বদ্ধপরিকর।
নিজেদের প্রথম দুই ম্যাচে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা পাকিস্তান জিম্বাবুয়েকে হারানোর পর বুধবার আরব আমিরাতকে ১২৯ রানের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে।
ওয়াকার ইউনিস জানিয়েছন, টানা দুটি হারের পর জিম্বাবুয়ে ও আরব আমিরাতের বিপক্ষে পাওয়া টানা দুটি জয় দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ওয়াকার বলেন, ‘টানা দুটি জয় ছেলেদের শারীরিক ভাষার মধ্যে ইতিবাচক পরিবর্তন এনেছে। কেননা, যেকোনো জয়ই আপনাকে স্বস্তি দেবে এবং আত্মবিশ্বাসও বাড়াবে অনেকগুণ। কিন্তু আমি মনে করি, দক্ষিণ আফ্রিকার মতো বড় দলকে আমাদের হারাতে হবে, যাতে করে অন্যরা বুঝতে পারে যে আমরা এখানে কেন এসেছি।’
দলের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের অনুপস্থিতি দলের ওপর প্রভাব ফেলছে জানিয়ে পাকিস্তানের সাবেক এই গতি তারকা বলেন, ‘হয়তো আমরা বেশি ভালো খেলতে পারছি না। তবে আপনাকে মনে রাখতে হবে, আমরা দলের সেরা দুই তারকাকে (আজমল ও হাফিজ) হারিয়ে বিশ্বকাপ শুরু করেছি। টুর্নামেন্টে আগামী দিনগুলো ক্রমান্বয়ে কঠিন থেকে কঠিনতর হচ্ছে এবং আমরা এটার জন্য প্রস্তুত।’
দল হিসেবে দক্ষিণ আফ্রিকা যথেষ্ট শক্তিশালী হলেও তাদেরকে হারানো ‘অসম্ভব’ নয় বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
ওয়াকার বলেন, ‘অবশ্যই আমরা তাদের হারানোর সামর্থ্য রাখি এবং আমরা এটা করেও দেখিয়েছি। আমরা তাদেরকে তাদের মাটিতেও হারিয়ে এসেছি। আমি মনে করি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় খুবই গুরুত্বপূর্ণ। শুধু কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হওয়ার জন্য নয় বরং আমাদের মনোবল বাড়াতেও’।
প্রসঙ্গত, গত বিশ্বকাপে ওয়াকার ইউনিসের কোচিংয়ে পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছিল। সেবার ভারতের কাছে হেরে ফাইনালে যাওয়ার স্বপ্ন ‘বিসর্জন’ দেয় শহীদ আফ্রিদির দল।
জেআই





