জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে তিনটি টেস্ট খেলে বাংলাদেশ দল। যার একটি খেলা অনুষ্ঠিত হয় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। আবারো আন্তর্জাতিক ম্যাচ ভেন্যু হতে পারে খুলনার স্টেডিয়াম। পাকিস্তানের বিপক্ষে চলতি বছরেই একটি টেস্ট আয়োজন করতে পারে বাংলাদেশ।
এফটিপি অনুযায়ী চলতি বছরে ঘরের মাঠে চারটি সিরিজ খেলবে মুশফিক-মাশরাফির দল। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাসহ বাংলাদেশে আসবে ভারত ও পাকিস্তান।
দক্ষিণ আফ্রিকার জাতীয় ক্রিকেট দল আগামী ৩০ জুন ঢাকায় আসবে। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার সফরসূচি চূড়ান্ত করেছে বিসিবি। যেখানে উপেক্ষিত আবু নাসের স্টেডিয়াম। বাকি তিন দলের সফরসূচি চূড়ান্ত না করলেও বিসিবি সূত্রে জানা গেছে, ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল খুলনায় খেলতে অনাগ্রহী। অস্ট্রেলিয়া ক্রিকেট দল চট্টগ্রামে খেলতে রাজি হলেও ভারত দল ঢাকা ছাড়তে নারাজ।
খুলনায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে এই মুহুর্তে বিসিবির একমাত্র ভরসা পাকিস্তান। এ জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বিসিবি। বিসিবির একাধিক সূত্র জানিয়েছে, বোর্ডের তরফ থেকে এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভেন্যু তালিকা পাঠানো হয়েছে। সেখানে আবু নাসের স্টেডিয়ামকেও রাখা হয়েছে। বিসিবির পরিচালক ও মিডিয়িা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এবং শেখ সোহেল বিষয়টি নিশ্চিত করেন।
এপ্রিলে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে আসবে। সফরের সূচি অনুযায়ী সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খুলনায় আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গতকাল বলেন, ‘এখনও সূচি চূড়ান্ত হয়নি। পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসা নিয়েও কিছুটা শঙ্কা রয়েছে। তবে বিসিবি আশা করে ঠিক সময়ে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে আসবে। আর বাংলাদেশে পাকিস্তান ক্রিকেট দল আসলে সেক্ষেত্রে একটি টেস্ট ম্যাচের জন্য খুলনা ভেন্যুকে পরিকল্পনায় রাখা হয়েছে।’
বিসিবির আরেক পরিচালক ও খুলনা বিভাগীয় প্রতিনিধি বলেন,‘বিসিবির মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে মেইল দেওয়া হয়েছে। সেখানে ভেন্যু হিসেবে খুলনাকে রাখা হয়েছে। সামনে বিশ্বকাপ ক্রিকেট হওয়ায় এখনও মেইলের উত্তর পাওয়া যায়নি।’
শেখ সোহেল জানান, পাকিস্তান ক্রিকেট দল যদি সফরে আসে তাহলে একটি টেস্ট ম্যাচ খুলনায় আয়োজন করা হবে।
জেআই





