একদিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি আর্সেনাল। তবে শীর্ষে উঠার সুযোগটি বেশ ভালোভাবে কাজে লাগিয়েছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে প্রতিপক্ষ টটেনহ্যামকে ৫-১ গোলে হারিয়ে লিগ টেবিলে এক নম্বর জায়গাটি দখল করেছে তারা।
টটেনহ্যামে মাঠ হোয়াইট হার্ট লেনে প্রথমার্ধে মাত্র ১-০ গোলে এগিয়ে থাকে ম্যানচেস্টার সিটি। কিন্তু দ্বিতীয়ার্ধে অতিথি খেলোয়াড়রা গোল উৎসব করে। অবশ্য একটি গোল শোধ করতে পারে টটেনহ্যাম। তবুও বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে কোচ পেল্লেগ্রিনির শিষ্যরা।
এই জয়ের ফলে ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট অর্জন করেছে ম্যানসিটি। সমান ম্যাচে এক পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। তবে ম্যানসিটির জয়ের রাতে ড্র করায় ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি।
এদিন খেলার ১৫ মিনিটেই দলকে এগিয়ে দেন সার্জিও অ্যাগুয়েরা। প্রিমিয়ার লিগে এটি তার ৫০তম গোল। বিরতির আগে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের ছয় মিনিটের মাথায় দলের লিডকে ডাবলে নিয়ে যান ইয়ায়া তোরে। পেনাল্টি কিক থেকে করা এই গোলের দুই মিনিটের মধ্যে আরকেটি গোল করেন ইডেন জিকো।
৩-০তে এগিয়ে থাকা ম্যানসিটিকে একটি গোল শোধ করেন স্বাগতিকরা। ৫৯ মিনিটে এই গোলটি করেন এটিনেন্স কাপু। তবে ৭৮ মিনিটে স্টিভান জোভেটিচ ও ৮৯ মিনিটে ভিনসেন্ট কোম্পানির গোলে বড় ব্যবধানে জয় পায় সফরকারীরা।
ঢাকা,৩০জানুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই