এএফসি কাপ’র ইন্টারজোন প্লে-অফ সেমিফাইনালের প্রথম লেগে উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে ঢাকা আবাহনী।

বুধবার (২১ আগস্ট) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উত্তর কোরিয়ার ক্লাবটিকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালের মিশন শুরু করেছে বাংলাদেশের ক্লাবটি।

আবাহনীর চার গোলের দু’টিই করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে সিজুবা। একটি করে গোল করেন সোহেল রানা ও নাবীব নেওয়াজ জীবন।

ম্যাচের এক-তৃতীয়াংশ শেষে কোনও গোল নেই। তারপর শুরু হলো লক্ষ্যভেদের খেলা। একবার ঢাকা আবাহনী গোল করছে তো পর মুহূর্তেই উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভের গোল। এএফসি কাপের নক আউট পর্বে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ফুটবলপ্রেমীরা।

এএফসি কাপের ইন্টার জোন সেমিফাইনাল প্লে-অফের প্রথম লেগে সাফল্যে উদ্বেল আবাহনীর সামনে এবার আরেকটি চ্যালেঞ্জ।  

দু’ক্লাবের ফিরতি ম্যাচটি ২৮ আগষ্ট উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ংয়ে অনুষ্ঠিত হবে। ম্যাচটি ড্র হলেই ইন্টার জোন প্লে-অফ ফাইনালে খেলার সুযোগ পাবে দেশের জনপ্রিয় দলটি।

এমবি