লিভারপুল ও উরুগুয়ের প্রাণভোমরা লুইজ সুয়ারেজ দুই বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ হতে পারেন। তার বিরুদ্ধে তৃতীয়বারের মতো বিপক্ষ দলের খেলোয়াড়দেরকে কামড় দেয়ার অভিযোগ উঠেছে। আগের দুইবার অভিযোগ প্রমাণিত হওয়ায় কয়েক ম্যাচ নিষিদ্ধ ছিলেন। এবার ফের অভিযোগ প্রমাণিত হলে দীর্ঘ দিন ফুটবলের বাইরে থাকতে হতে পারে তাকে।

মঙ্গলবার নাটালে বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় ইতালি ও উরুগুয়ে। ম্যাচটিতে সুয়ারেজের বিরুদ্ধে কামড় দেয়ার অভিযোগ করেছেন ইতালি ডিফেন্ডার গিয়র্গিও চিয়েল্লিনি। রেফারি মার্কো রড্রিগেজকে জার্সি খুলে কামড়ের দাগ দেখান ওই ফুটবলার। কিন্তু মেক্সিকান রেফারি তখন কোনো ব্যবস্থা নেয়নি।

কামড় দেয়ার ছবি ও ভিডিও সামাজাকি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) নিশ্চিত করেছে, তারা এ বিষয়টি তদন্ত করবে।

ফিফা মুখপাত্র বলেন, 'বিষয়টি তদন্ত করতে অফিসিয়াল প্রতিবেদনে জন্য আমরা অপেক্ষা করছি এবং সব ধরেনর প্রমাণাদি সংগ্রহ করছি।'

ফিফা ভিডিও প্রমাণ হিসেবে গ্রহণ করে। ফলে সুয়ারেজ দোষী প্রমাণিত হলে ফিফার নিয়মানুযায়ী দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন।

এর আগে পিএসভির ওটমান বাক্কালকে কামড় দিয়ে সাত ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন লিভারপুল স্ট্রাইকার। গত বছর চেলসি ডিফেন্ডার ব্রানিস্লাভ আইভানোভিচকে কামড় দেয়ায় প্রিমিয়ার লিগে ১০ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন।