ব্যাটসম্যান এনামুল হক সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১৯৭ রানের জয় পেয়েছে তারা।

বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৩৪ রান করে কলাবাগান।

মাত্র ২২ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে শুরুটা ভালো হয়নি কলাবাগানের। তবে মাহমুদুল হাসানের সঙ্গে ১৯৫ রানের বড় জুটিতে দলকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেন এনামুল।

ম্যাচ সেরা এনামুল ১০৪ বলে ও ১১টি চার, ৭টি ছক্কায় ১১৩ রান করেন তিনি। আর ৭০ রান করা মাহমুদুলের ৮৭ বলের ইনিংসটি গড়া ৮টি চার ও ১টি ছক্কায়।

তিন রানের ব্যবধানে থিতু হওয়া দুই ব্যাটসম্যান ফিরে গেলেও ফিল মাস্টার্ড (৪২ বলে অপরাজিত ৫৯) ও সাব্বির রহমানের (২২ বলে ৩৩) ঝড়ো ব্যাটিংয়ে সাড়ে তিনশ’ রানের কাছাকাছি যায় কলবাগানের সংগ্রহ।

পারটেক্সের আজিম ৩ উইকেট নেন ৫৫ রানে।

জবাবে ৩৫ ওভার ৫ বলে মাত্র ১৩৭ রানে অলআউট হয়ে যায় পারটেক্স। লিগে এটি তাদের ষষ্ঠ পরাজয়। সর্বোচ্চ ৪১ রানে অপরাজিত থাকেন শফিউল আলম। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে রবিউল ইসলাম রবির ব্যাট থেকে।

১৬ রানে ৩ উইকেট নিয়ে কলাবাগানের সেরা বোলার বিশ্বনাথ হালদার। ম্যাচে আট বোলার ব্যবহার করেন এনামুল, যাদের সাত জনই উইকেট নেন।

লিগের অষ্টম রাউন্ড শেষে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে লিগে তিন নম্বরে রয়েছে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি। রান রেটে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে আবাহনী লিমিটেড।

জেডআই