বিশ্বকাপে ব্যর্থতার পর নতুন কোচ ডুঙ্গার হাত ধরে টানা পাঁচ ম্যাচ জয় পেয়েছে ব্রাজিল। এবার ষষ্ঠ জয়ের লক্ষ্যে মাঠে নামবে নেইমারা। মঙ্গলবার অস্টিয়ার বিপক্ষে লড়বে তারা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১২টায়।

কোচ লুইজ ফিলিপ স্কলারির পর দলের দায়িত্ব নেয়ার পর বেশ সাফল্য দেখিয়েছেন ডুঙ্গা। আর আগামী বছর কোপা আমেরিকার দিকে লক্ষ্য রেখে বেশ ভালভাবেই দলকে সাজাচ্ছেন এই কোচ।

গত পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে ১২বার বল জড়িয়েছেন তার শিষ্যরা। তবে একটি গোলও হজম করতে হয়নি নেইমারদের।

এদিকে অস্ট্রিয়াও অপরাজিত রয়েছে টানা নয় ম্যাচ। ২০১৬-ইউরো বাছাই পর্বের লড়াইয়েও গত শনিবার রাশিয়াকে ১‌-০ গোলে হারিয়েছে তারা।

তবে কোচ মার্সেল কোলারের লক্ষ্য ব্রাজিলের বিপক্ষে অস্ট্রিয়ার প্রথম জয় নিশ্চিত করা। এখন পর্যন্ত আট বার মুখোমুখি হয়েছিল দল দুটি। এর মধ্যে বিশ্বকাপে দু'বার দেখা হয়েছিল তাদের। এতে পাঁচবারই জয়ে পেয়েছে ব্রাজিল। আর বাকি তিনটি লড়াই শেষ হয়েছে ড্রতে।

সর্বশেষ তারা মুখোমুখি হয়েছে ১৯৯৮ সালে প্রীতি ম্যাচে। সেবার ২-০ গোলে জিতেছিল লাতিন আমেরিকার দলটি।

জেডআই