অনেক খ্যাতি ও সাফল্যের সনদ নিয়ে ব্রাজিলের মাটিতে পা রেখেছিলেন অনেকে। স্বপ্ন ছিল সাফল্যের ইতিহাসটি আরো দীর্ঘায়িত করা। আবার অনেকে ছিলেন নাম-ডাকহীন। তবুও স্বপ্ন কম বড় ছিল না। কিন্তু সবার স্বপ্ন ব্রাজিলের মাটিতে পূরণ হয়নি। বিশ্বকাপে প্রত্যাশা মতো ফল না পাওয়ায় অনেক কোচ ব্যর্থতার দায়ে চাকুরি হারিয়েছেন। আবার কেউ কেউ শূন্য থেকে শিখরে উঠেছেন। সফল কোচের তকমা নিয়ে নতুন পথচলা শুরু করেছেন। ব্রাজিল বিশ্বকাপে আলোচিত এমন কয়েকজন কোচ সম্পর্কে জেনে নেয়া যাক।

সফল যারা…

জোয়াচিম লো: ব্রাজিল বিশ্বকাপের সফল কোচদের কথা বলতে গেলে সবার আগে আসবে জোয়াচিম লোর কথা। এই কোচের অধীনেই চতুর্থ বিশ্বকাপ শিরোপা জিতেছে জার্মানি। ২০০৬ সাল থেকে দায়িত্ব নেয়ার পর তিল তিল করে দলকে সাজিয়েছেন তিনি। গত দুটি বিশ্বকাপে তার দল তৃতীয় হয়েছিল। এবার তার স্বপ্ন ছিল তিনের গেরো দূর করে চ্যাম্পিয়ন হওয়া। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে সেই স্বপ্ন পূরণ করেছে তার শিষ্যরা।

বর্তমান অবস্থা: বিশ্বকাপ জয়ের পরও জার্মান দলের দায়িত্বে আছেন ৫৪ বছর বয়সী লো। হয়তো এখন চোখ রাখছেন ২০১৬ ইউরো শিরোপার দিকে।

লুইস ভ্যান গল: ২০০২ বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছিল ভ্যান গলের নেদারল্যান্ডস। সেবার ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেছিলেন তিনি। সেই ব্যর্থতার মুছে দেয়ার সুযোগ পেলেন ব্রাজিল বিশ্বকাপে। আর সুযোগটি ভালোভাবে কাছে লাগিয়েছেন এই ডাচ। শুরু থেকেই দুর্দান্ত খেলেছিল গলের শিষ্যরা। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন স্পেনকে উড়িয়ে দিয়েছিল ৫-১ গোলে। কিন্তু সেমিফাইনালে এসে মেসি আর রোমেরোর বীরত্বের কাছে টাই-ব্রেকারে হেরে গেছে নেদারল্যান্ডস। তবে শেষ ম্যাচে ব্রাজিলকে হারিয়ে তৃতীয় হয়েছে গলের হল্যান্ড।

বর্তমান অবস্থা: বিশ্বকাপের আগেই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন ভ্যান গল। ব্রাজিল থেকে ফিরে ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন তিনি।

আলেসান্দ্রো সাবেলা: “ব্রামাল লেন থেকে ব্রাজিল ফাইনাল” বিশ্বকাপের পর এমনভাবে শিরোনাম হয়েছেন আলেসান্দ্রো সাবেলা। দীর্ঘ ২৪ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে খেলল তার অধীনে। বিশ্বকাপের সময় বেশ কয়েকবার হাসির পাত্রও হয়েছিলেন তিনি। ডাগ-আউটের ছাঁদে মাথায় ধাক্কা লাগা। নিজ খেলোয়াড়ের পান ছিটানো সহ্য করা। মাথা ঘুরে যাওয়ার ভান করতে গিয়ে পিছনে পড়া যাওয়া। এসব ছিল সাবেলার বিশ্বকাপ স্মৃতি। তবে সেই সঙ্গে রয়েছে সুখ-স্মৃতি। তার অধীনে নীল-সাদা জার্সি গায়ে মেসি দেখিয়েছেন তার আসল চেহারা। আর্জেন্টিনা হয়েছে রানার্স-আপ। ফলে শ্রেষ্ঠত্বের দাবিদার সাবেলাও।

বর্তমান অবস্থা: বিশ্বকাপ শেষ হওয়ার আগেই সাবেলা ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টিনা দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। তবে নতুন কোথায়ও এখন পর্যন্ত দায়িত্ব নেননি।

হোসে পেকারম্যান: ২০০৬ বিশ্বকাপে তরুণ মেসিকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন পেকারম্যান। আর কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল তার আর্জেন্টিনা। ব্যর্থতার দাগ লাগা সেই কোচ ব্রাজিল বিশ্বকাপে কলম্বিয়াকে নিয়ে গেছেন সাফল্যের চূড়ায়। দীর্ঘদিন পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল লাতিন দেশটি।

বর্তমান অবস্থা: জনপ্রিয়তায় তুঙ্গে থাকা পেকারম্যানকে জাতীয় দলের কোচ হিসেবে চায় কলম্বিয়ার সমর্থকরা। খেলোয়াড়রাও চান এই বসকে। কিন্তু তার বিষয় এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

জর্জ লুইজ পিন্টো: কলম্বিায়ান এই কোচের অধীনে ব্রাজিলের মাটিতে জাদু দেখিয়েছে কোস্টা রিকা। তিন সাবেক বিশ্বচ্যাম্পিয়নের গ্রুপে থেকেও সেরা দল হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিল তার দল। প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলেছিল মধ্য আমেরিকার দেশটি।

বর্তমান অবস্থা: কোস্টা রিকার সঙ্গে নতুন চুক্তি করা হয়নি। ফলে চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দলটির দায়িত্বে আছেন তিনি।

মার্ক উইলমটস: ব্রাজিল বিশ্বকাপে আলোচিত কোচদের একজন উইলমটস। ব্যর্থতা আর সফলতার মাঝামাঝি রয়েছেন এই কোচ। তার দল বেলজিয়াম গ্রুপ সেরা হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছিল। খেলেছিল কোয়ার্টার ফাইনালেও। কিন্তু আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

ব্যর্থ যারা...

লুইজ ফিলিপ স্কলারি: ব্রাজিলের সফল কোচদের তালিকায় স্কলারির নাম সামনের দিকেই থাকবে। তার অধীনে ২০০২ বিশ্বকাপে শিরোপা জিতেছিলে লাতিন দেশটি। তাই নিজ দেশের মাটিতে ‘মারাকানাজু’ ভুলে হেক্সা-ছয় জিততে স্কলারির উপর ভরসা রেখেছিল সাম্বা নৃত্যের দেশটি। কিন্তু শেষ পর্যন্ত নিজ দেশকে সাম্বা নাচাতে পারলেন না স্কলারি। তার দল সেমিফাইনালে জার্মানির কাছে হেরেছিল ৭-১ গোলে। তৃতীয়স্থান নির্ধারণী শেষ ম্যাচেও নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হারল স্বাগতিকরা। ফলে বিগ ফিল বিগ ফ্লপদের তালিকায় নাম লেখালেন।

বর্তমান অবস্থা: বিশ্বকাপের আগে আস্থার পাত্র স্কলারির উপর আর আস্থা রাখল না ব্রাজিলের ফুটবল ফেডারেশন। পদত্যাগ করতে না চাওয়া এই কোচকে বরখাস্ত করেছে দেশটির ফেডারেশন।

সিজার প্রানদেল্লি: বিশ্বকাপে প্রানদেল্লির উপর ভরসা রেখেছিল ইতালি। কিন্তু নিজ দেশের স্বপ্ন পূরণ করতে পারেননি এই কোচ। ব্রাজিলের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে দারুণ সূচনা করেছিল তার দল। কিন্তু গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। কোস্টা রিকার কাছে হারের পর উরুগুয়ের কাছেও হেরেছিল ইতালি। ফলে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বর্তমান অবস্থা: বিশ্বকাপে ইতালিকে প্রত্যাশিত জায়গা না নিতে পারলেও চাকুরি নিয়ে ভাবতে হয়নি প্রানদেল্লিকে। তবে ইতালির কোচ হিসেবে আর থাকেননি। গ্যালাতাসারায়ের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি।

আলবার্তো জাকেরুনি: এশিয়ান চ্যাম্পিয়ন জাপানকে নিয়ে ব্রাজিলে গিয়েছিলেন জাকেরুনি। কিন্তু গ্রুপ পর্বই পার করতে পারেনি তার দল।

বর্তমান অবস্থা: ব্যর্থতার দায় কাঁদে নিয়ে জাপানের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

রয় হজসন: তার অধীনে ইংল্যান্ড প্রত্যাশিত ফলাফল করতে পারেনি। গ্রুপ পর্বে তলানিতে থেকে বিশ্বকাপে ইতি টেনেছে হজসনের দল।

বর্তমান অবস্থা: দল সফল না হলেও দায়িত্ব ছেড়ে দেননি হজসন। ইংল্যান্ডও তাকে বরখাস্ত করেনি। বরং তার উপরই ভরসা রেখেছে।

ঢাকা, ২৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই