আলোচনা-সমালোচনার কেন্দ্র বিন্দুতেই থাকছেন চেলসি কোচ হোসে মরিনহো। দলের জয়ে যেমন প্রশংসায় ভাসছেন, তেমন আচরণের জন্য থাকছেন পত্রিকার শিরোনামে। এবার সমালোচনা আর পত্রিকার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারেননি তিনি। গুণতে হচ্ছে জরিমানাও। প্রিমিয়ার লিগে অ্যাশ্টোন ভিলার বিপক্ষের ম্যাচে অস্বাভাবিক আচারণ করায় তাকে ৮ হাজার পাউন্ড জরিমানা করেছে ইংলিশ ফুটবল এসোসিয়েশন। এখানেই শেষ হয়নি। ভবিষ্যতে এই ধরনের কাজ না করতে হুঁশিয়ার করে দেয়া হয়েছে পর্তুগীজ কোচকে।
ভিলা পার্কের মাঠে সফরকারী দল হিসেবে খেলতে নামে শিরোপা প্রত্যাশী চেলসি। সেই ম্যাচটিতে ১-০ গোলে হেরে যায় মরিনহোর শিষ্যরা। তবে ঝামেলাটি ছিল অন্য জায়গা। খেলার ৯০ মিনিটে জয়ের জন্য যখন চেলসি মরিয়া, তখন রামিরিসকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বিদায় করে দেন রেফারি। বিষয়টি সহ্য করতে পারেননি মরিনহো। রেফারিকে কিছু জিজ্ঞাসা করতে তখনই মাঠে নেমে যান তিনি। এই দায়ে জরিমানা করা হয়েছে রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচকে।
অ্যাশ্টোন ভিলার বিপক্ষে শুধু রামিরিসই লাল কার্ড দেখেননি। খেলার ৬৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখেছিলেন উইলিয়ান। ফলে চেলসিকে দ্রুতই কাবু করে ফেলে স্বাগতিকরা। ৮২ মিনিটে লিড নেয় তারা। ৯০ মিনিটে করিম আল আহমাদিকে ফাউল করায়  সরাসরি লাল কার্ড দেখে মাঠ থেকে বিদায় নেন রামিরিস।
ম্যাচ শেষে মরিনহো বলেছিলেন, ‘আমি জানি না কেন আমাকে মাঠ থেকে উঠে যেতে বলা হয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু রেফারি আমার সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।’
সহজেই হার মানছেন না চেলসি বস। জরিমানা দিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। তবে এ বিষয় ব্যক্তিগত শুনানির জন্য অনুরোধ করেছেন।