বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ।

আজ শুক্রবার বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়েছে মামুনুল ইসলামের দল।

যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে শুরুতে ১৭ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে বল নিয়ে এগিয়ে যান উইঙ্গার জাহিদ হোসেন।

পায়ের জাদুতে দুইজন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে নিচু ক্রস দেন সাখাওয়াত হোসেন রনিকে। ছোট বক্সের ওপর থেকে ডান পায়ের কোনাকুনি প্লেসিংয়ে গোল করতে ভুল করেননি বাংলাদেশের এই ফরোয়ার্ড।

কিন্তু ৪ মিনিট পরই সমতা আনে শ্রীলঙ্কা। সেন্ট্রাল ডিফেন্ডার নাসির উদ্দীন চৌধুরী শ্রীলঙ্কান মিডফিল্ডার মাধুসান ডি সিলভাকে বক্সের ভিতরে ফাউল করলে পেনাল্টি পায় তারা। ফরোয়ার্ড ধানসুকা স্পট কিকে বোকা বানান বাংলাদেশ গোল রক্ষক শহীদুল আলম সোহেলকে।

বাংলাদেশ অবশ্য পরের মিনিটেই আবারো বসে চালকের আসনে। ডান প্রান্ত থেকে মামুনুল ইসলামের করা কর্নার ছোট বক্সের কানায় থাকা ইয়াসিন হেড করেন। অরক্ষিত দাঁড়িয়ে থাকা জাহিদ আলতো ছোঁয়ায় বল জড়িয়ে দেন শ্রীলঙ্কার জালে।

এরপর আর পিছু ফিরে তাকায়নি বাংলাদেশ। বলের পজিশন ধরে রাখে তারা। প্রথমার্ধের শেষ মিনিটে নেয় তিন গোলের অগ্রগামিতা।

জাহিদ হোসেনের ফ্রি কিক শ্রীলঙ্কার ওয়ালে লেগে এসে পড়ে নাবীব নেওয়াজ জীবনের পায়ে। ঠাণ্ডা মাথায় তরুণ ফরোয়ার্ডের প্লেসিং শট আছড়ে পড়ে দূরের জালে। ৩-১ গোলে এগিয়ে থেকে স্বস্তি নিয়েই ড্রেসিং রুমে ফেরে বাংলাদেশ।

বিরতির পর প্রথমেই ধাক্কা খায় বাংলাদেশ। ৫১ মিনিটে বক্সের একটু বাইরে সহজ বলের নিয়ন্ত্রণ হারান মিডফিল্ডার জামাল ভূঁইয়া।

শ্রীলঙ্কান মিডফিল্ডার ইদিসুরিয়া চাতুরাঙ্গা বল ছিনিয়ে নিয়ে নিচু কোনাকুনি শটে পরাস্ত করেন অসহায় বাংলাদেশ গোল রক্ষক সোহেলকে।

এরপর আবারো গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ৫৫ মিনিটে রনির ক্রসে ফাঁকা দাঁড়িয়ে থাকা জীবন শ্রীলঙ্কান গোল রক্ষককে একা পেয়েও লক্ষ্য ভেদ করতে পারেনি।

৭৪ মিনিটে সৌভাগ্যের ছোঁয়া পেয়ে বাংলাদেশ ৩-৩ গোলে সমতায় পড়া থেকে বেঁচে যায়। শ্রীলঙ্কার একটি কর্নার গোল লাইন থেকে হেড করে ক্লিয়ার করে দলকে বাঁচান ডিফেন্ডার নাসিরুল ইসলাম। এর ৪ মিনিট পর আবারো গোলের সুযোগ নষ্ট করেন রনি।

জামাল ভূঁইয়ার চমৎকার থ্রু পাস পরাস্ত করে শ্রীলঙ্কান ডিফেন্স লাইনকে। কিন্তু রনি অযথাই বেশি সময় নিতে গিয়ে দেখেন তার শট কর্নারের বিনিময়ে প্রতিহত হয়েছে।

৮৬ মিনিটে শহীদুল আলম সোহেলের গোল কিক ক্লিয়ার করতে গিয়ে শ্রীলঙ্কান ডিফেন্ডারের ব্যাকহেড বোকা বানায় সতীর্থ গোলরক্ষককে। ফাঁকায় দাঁড়িয়ে থাকা শাখাওয়াত হোসেন রনি জালে বল জড়িয়ে দেন।

শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মারুফুল হকের শিষ্যরা। গত ডিসেম্বরে টানা তৃতীয়বারের মতো সাফের প্রথম পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ।

নতুন বছরের শুরুতে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কোচ মারুফুল হক। তার প্রতিশ্রুতি রক্ষা করে জয়ের স্বস্তি নিয়ে বছর শুরু করলো লাল-সবুজের দল।

এসএইচ