ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় ১২ জন ফুটবলার ও কর্মকর্তাকে ফুটবল সম্পর্কিত সব ধরনের কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়ার ফুটবল ফেডারেশন।

ইন্দোনেশিয়ান ফুটবল এসোসিয়েশন আরো জানিয়েছে পিএসএস সেলমান এবং পিএসআইএস সেমারাং ক্লাবের আরো তিনজন কর্মকর্তাকে একই অভিযোগে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

ঘরোয়া ফুটবল লীগে সেমারাংয়ের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে সেলমান। ম্যাচটিতে হারের জন্য শেষের দিকে দুটি আত্মঘাতি গোল করে দলটি। কিন্তু সেমারাং তিন গোল খেয়ে বসলে শেষ পর্যন্ত তা আর হয়নি।

ডিসিপ্লিনারি কমিটি তদন্ত শেষে সিদ্ধান্তে পৌঁছায় যে উভয় দলই সেমিফাইনালে বোরনেওকে এড়ানোর জন্য এই ম্যাচে হারতে চেয়েছিল। উভয় দলই প্রথম বিভাগ থেকে রেলিগেটেড হয়ে নিচে নেমে গেছে।

এদিকে বিভিন্ন অভিযোগে আরো দু’জন বিদেশীসহ ১৭জন খেলোয়াড়কে পাঁচ বছরের জন্য শর্তসাপেক্ষে খেলার অনুমতি দেয়া হয়েছে। এছাড়া ১১ জন বদলী খেলোয়াড়কে এক বছরের জন্য নিষিদ্ধ করা হলেও আগামী পাঁচ বছর তাদের যোগ্যতা যাচাই করা হবে। এদের মধ্যে অনেককেই আবার বিভিন্ন মূল্যের আর্থিক জরিমানাও করা হয়েছে।

জেডআই