ব্রাজিল বিশ্বকাপ ফুটবল মাসকটের প্রেরণা তিন ডোরা আর্মাডিলো তাদের প্রাকৃতিক আবাসস্থল বিনষ্ট হওয়ার কারণে বিলুপ্তির সম্মুখীন হয়ে পড়েছে।

আর্মাডিলোর প্রাকৃতিক আবাসস্থল শুষ্ক গুল্ম আচ্ছাদিত অঞ্চল অর্ধেকে নেমে আসায় গত এক দশকে ব্রাজিলের আর্মাডিলোর সংখ্যা এক তৃতীয়াংশেরও বেশি হ্রাস পেয়েছে।

বিশ্বকাপ ফুটবলের পর্দা ওঠার আগ মুহূর্তে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার (আইইউসিএন) এ তথ্য প্রকাশ করেছে।

এবারের বিশ্বকাপের প্রতীক ফুলেকো’র প্রেরণা হিসেবে কাজ করেছে ব্রাজিলিয়ান আর্মাডিলো। বিশ্ব জুড়ে যেসব প্রাণী বিলুপ্তির সম্মুখীন আর্মাডিলো তাদের অন্যতম।

আইইউসিএন আরো সতর্ক করেছে যে, ৯৪ শতাংশ লেমুর বিলুপ্তির সম্মুখীন। সুইজারল্যান্ড-ভিত্তিক সংস্থাটি জানায়, লেমুরের বিদ্যমান ১০১টি প্রজাতির মধ্যে ২২টি বিলুপ্তির পথে।

মাদাগাস্কারে লেমুরের গ্রীষ্মমণ্ডলীয় আবাসস্থল ধ্বংস হওয়ায় প্রাণীটি বিলুপ্তির সম্মুখীন হয়ে পড়েছে।

আইইউসিএন জানায়, রাজনৈতিক অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান দারিদ্র্য অবৈধভাবে গাছ-কাটা ত্বরান্বিত করেছে। এছাড়া খাদ্যের জন্য এই প্রাণী শিকারও এর অস্তিত্বের জন্য একটি মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। সূত্র: বিএসএস

ঢাকা, ১২ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ