ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তিন উইকেটে জিতেছে স্বাগতিকরা।
এই জয়ের ফলে বোনাসসহ ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে মেলবোর্নে ভারতের মুখোমুখি হবে তারা।
এদিন টস জিতে শুরুতে ব্যাট বেছে নেয় ইংল্যান্ড। কিন্তু রানের খাতা খোলার আগে দুটি উইকেট হারায়। অবশেষে অধিনায়ক মরগানের ১২১ রানের ইনিংসে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় সফরকারীরা।
কিন্তু শেষ দিকে ব্যাটিং ব্যর্থতার ফলে ৪৭.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৩৪ রান জমা করে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বোলার স্টার্ক চারটি ও ফকনার তিনটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার একাই ১২৭ রান করেন। তবে বাকিরা মাঠে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ফলে দ্রুতই বেশ কয়েকটি উইকেট হারায় তারা। অবশেষে ৩৯.৫ ওভার সাত উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় ২০১৫ বিশ্বকাপের স্বাগতিকরা।
জেডআই





