মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইছাখালী গ্রামের মৃত নুর আহমেদের ছেলে আব্দুল মান্নান (৬০) সীমান্ত পিলার ১২৪/৩-এর কাছে নিজের জমিতে কাজ করতে যান। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার অধীন ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে নিয়ে যায়।

মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর স্বজনরা স্থানীয়দের সহযোগিতায় সীমান্ত এলাকায় কৃষিকাজরত দুই ভারতীয় নাগরিককে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন শচীন দাস (৬৫) ও নরোত্তম বিশ্বাস (৩৫)। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে নিয়ে গিয়ে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ঘটনাটি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের মাধ্যমে বাংলাদেশি নাগরিক আব্দুল মান্নানকে ফেরত আনার পাশাপাশি আটক দুই ভারতীয় নাগরিককেও ফেরত দেওয়া হবে।

সীমান্তবর্তী সাধারণ মানুষ ও কৃষকদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ না করে সতর্কতার সঙ্গে চলাফেরার আহ্বান জানিয়েছেন বিজিবির এই অধিনায়ক।

এনএইচ