শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আজ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
ছাত্রলীগ নেতা উত্তম কুমার দাসকে (৩০) কুপিয়ে আহতের প্রতিবাদেবুধবার রাত সাড়ে ১১টায় শাবিপ্রবি ছাত্রলীগের সহ-সভাপতি অঞ্জন রায় এ ঘোষণা দেন।
আহত উত্তম কুমার সিলেট নগরীর শেখঘাট এলাকার বাসিন্দা অলক কুমার দাসের ছেলে ও শাবির সমাজকর্ম বিভাগের মাস্টার্সের ছাত্র। তিনি মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
বুধবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মা-মনি রেস্টুরেন্টের সামনে ছাত্রলীগ নেতা উত্তম কুমারের ওপর হামলা চালিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করে তার পরিবার।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। প্রায় ঘণ্টাব্যাপী চলা অবরোধের সময় রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে।
পরে স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা।
প্রসংগত, গত বছর ছাত্রলীগের কমিটি গঠনের পর পরই বিশ্ববিদ্যালয়ের সাবেক আহবায়ক শামসুজ্জামান চেীধুরী সুমন সমর্থিত সঞ্জীবন চক্রবর্তী পার্থকে সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি নাইম হাসান সমর্থিত ইমরান খানকে সাধারণ সম্পাদক করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি গঠন করা হয়।
এই কমিটিতে উত্তম কুমার কোন পোস্ট না পাওয়ায় এবং কমিটির সদস্যদের অযোগ্য অদক্ষ উপাধী দিয়ে শামসুজ্জামান চেীধুরী সুমনকে কুপিয়ে গুরুতর আহত করেন উত্তম কুমার দাশ।
এই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস থেকে উত্তম কুমারকে ৬ মাসের জন্য বহিষ্কার করে প্রশাসন। একই ঘটনায় উত্তম কুমার দাশকে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকেও বহিষ্কার করা হয়।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





