প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ভারতের জি-বাংলা চ্যানেলের কমেডি শো মীরাক্কেলের চ্যাম্পিয়ন আবু হেনা রনির (২৮) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সিংড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সবুজ সিংড়া থানায় তথ্য-প্রযুক্তি আইনে মঙ্গলবার বিকালে মামলাটি দায়ের করেন। তবে মামলাটি রেকর্ড করা হয় বৃহস্পতিবার রাতে।
আবু হেনা রনি সিংড়া উপজেলার বিলদহরের আবদুল লতিফের ছেলে। তিনি সম্প্রতি প্রধানমন্ত্রীর সমুদ্রজলে পা ভেজানো নিয়ে ‘তিনি পা ভেজালেন আর ইনি গা ভেজালেন’ শিরোনামে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
বিষয়টি নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। মামলার বাদী হাফিজুর রহমান সবুজ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে কেউ আপত্তিকর মন্তব্য করলে আমরা তা মেনে নেব না। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে আবু হেনা রনি জানান, একজন বৃষ্টির মধ্যে মোটরসাইকেল নিয়ে পড়ে যায় দেখে কবিতার ছলে ‘তিনি পা ভেজালেন আর ইনি গা ভেজালেন’ শিরোনামে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। পরে অনেকেই বিষয়টি নিয়ে মন্তব্য করায় আমি আন্তরিক দুঃখ জানিয়ে স্ট্যাটাস দেই। আমাকে যারা ভুল বুঝেছেন তাদের কাছে আমি ক্ষমাও চাই স্ট্যাটাসে।
সিংড়া থানার ওসি আবদুল্লাহ আল-মামুন জানান, মামলাটি বৃহস্পতিবার রাতে রেকর্ড করা হয়েছে। তদন্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এমএনজে





