আগামী বছর এপ্রিলেই সম্ভবত বিয়ে করছেন রণবীর-আলিয়া। শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন ও অনুষ্কা শর্মার মতোই আলিয়াও সাজবেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে। সম্প্রতি নাকি লেহেঙ্গার অর্ডারও দিয়েছেন তিনি।
স্পটবয়ে-র একটি এক্সক্লুসিভ প্রতিবেদন অনুযায়ী, রণবীর ও আলিয়া বিয়ে করবেন আগামী বছর গ্রীষ্মকালে, সম্ভবত এপ্রিলে।
এর আগে ঋষি কাপুর বেশ কিছু সাক্ষাৎকারে বলেছেন যে তিনি ক্যানসারের চিকিৎসা শেষ করে তাড়াতাড়ি দেশে ফিরতে চান কারণ তাঁকে একটি বিয়ের আয়োজন করতে হবে।
২০১৮ থেকেই রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার সম্পর্কের খবর শিরোনামে আসে। ব্রহ্মাস্ত্র ছবির শ্যুটিং চলাকালীনই তাঁদের সম্পর্কের খবর শোনা যায় বলিপাড়ায়। সোনম কাপুরে বিয়েতে হাত ধরে ছবি তোলেন দু’জনে। এরপর থেকেই আর রাখ ঢাক ছিল না। খুব তাড়াতাড়ি যে কাপুর ও ভাট পরিবারে বিয়ের সানাই বাজবে, তা বোঝাই যাচ্ছিল।
আর সেই জল্পনা আরও খানিকটা উস্কে দিয়েছেন আলিয়া নিজেই। শোনা যাচ্ছে, তিনি নাকি লেহেঙ্গার অর্ডারও দিয়ে দিয়েছেন। যদিও এখন আমেরিকায় চিকিৎসাধীন রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর। তবে তিনি সুস্থ হয়ে ফিরলেই হয় চার হাত এক হবে আলিয়া-রণবীরের।
ওদিকে আলিয়ার কাজের ব্যস্ততা নেহাত কম নয়। চারটি ছবি রয়েছে তাঁর হাতে। মহেশ ভাট-এর ‘সড়ক ২’, রণবীর কাপুরের বিপরীতে ‘ব্রহ্মাস্ত্র’, সলমন খানের সঙ্গে ‘ইনশাল্লাহ’ ও এস এস রাজামৌলির ‘আরআরআর’। এই সব কাজ সামলাতে সামলাতে নিশ্চিতভাবেই কেটে যাবে এই বছরটা। তার পর হয়তো বেশ রয়েসয়ে বিয়ের প্রস্তুতি নেবেন নায়িকা।
এএস





