শেষ পর্যন্ত ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন পপতারকা জেনিফার লোপেজ।
বার্তা সংস্থা এএফপি বুধবার জানিয়েছে, 'কিছু সমস্যার কারণে' লোপেজ ব্রাজিল যাচ্ছেন না এমন ঘোষণা দেয়ার দু'দিন পর মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ফিফা।
ফিফার বিবৃতিতে বলা হয়েছে, "ফিফা ও স্থানীয় আয়োজক কমিটি আনন্দের সাথে জানাচ্ছে যে বিশ্বের বিখ্যাত সঙ্গীত তারকারা আমাদের এ জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।"
পিটবুল, ক্লদিয়া লেইত্তে, জেনিফার লোপেজ এবং ওলোদামের পারফরমেন্স উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করবে।"
২০১৪ সালের বিশ্বকাপের অফিসিয়াল থিম সং 'উই আর ওয়ান' গানটি গেয়েছেন জেনিফার লোপেজ, কিউবান-আমেরিকান র্যা পার পিটবুল এবং ব্রাজিলীয় গায়িকা ক্লদিয়া লেইত্তে। বৃহস্পতিবার ব্রাজিলের সাও পাওলোতে ব্রাজিল-ক্রোয়াশিয়া উদ্বোধনী ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে 'উই আর ওয়ান' গানটি পরিবেশন করবেন তারা।
কিন্তু রোববার আকস্মিক এক ঘোষণায় ফিফা জানিয়েছিল, পূর্ব ঘোষণা অনুযায়ী লোপেজ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না।
বৃহস্পতিবার সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাঠে বসে উপভোগ করবেন ৬০ হাজারের বেশি মানুষ। বিশ্বব্যাপী টিভি পর্দায় প্রায় ১০০ কোটি মানুষ এ অনুষ্ঠান দেখবে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা, ১১ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





