বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেল শিশুতোষ চলচ্চিত্র ‘আমরা করব জয়’। ছবির পরিচালক আহসান সারোয়ার জানিয়েছেন, ছবি সম্পাদনার কাজ শেষ। ১৮ সেপ্টেম্বর সেন্সরবোর্ড থেকে আনুষ্ঠানিক ছাড়পত্র পেয়েছেন ছবিটি।
একদল কিশোর। তাদের বন্ধুত্বটাও গভীর। তাদের মধ্যে একজন একদিন রেডিওতে গল্প বলে। সেই গল্প বাকিদের মধ্যে কৌতুহল সৃষ্টি করে। কারণ গল্পটি ছিলো একটি ভৌতিক বাড়িকে ঘিরে। এক পর্যায়ে তারা সেই বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেখানে ভয়ঙ্কর আর অদ্ভুত সব ঘটনার মুখোমুখি হয় তারা। এমন এক গল্প নিয়ে তৈরি হচ্ছে শিশুতোষ ভৌতিক চলচ্চিত্র 'আমরা করব জয়'।
এ ছবিতে অভিনয় করেছেন আহসান সাদাফ, অকিক অর্নব, নিপা, আকিব হায়দার, সাজিদ, কনিকা, এহসানুল হক, ইফতি আহমেদ, আব্দুল হক প্রমুখ। ছবিতে মোট গান থাকছে পাঁচটি। কন্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, আহসান সাদাফ, কাকন ও শামিম আলম বুলেট। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার ও শামীম আলম বুলেট।
পরিচালক আহসান সারোয়ার জানান, ‌'শিশুদের নিয়ে বাংলাদেশে তেমন ছবি নির্মাণ হয় না। আর এ ছবির দৃশ্যধারণ করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার শিকার হয়েছি। তারপরও ছবিটি বিনাকর্তনে ছাড়পত্র পেল। ভালো লাগছে। ডিজিটাল বাংলাদেশ টেকনোলজি কাজে লাগিয়ে দেশকে রক্ষার একটি কাহিনী পাওয়া যাবে এ ছবিতে।’
এ ছবির দের্ঘ্য প্রায় দুই ঘন্টা। আর ছবিটি ব্ল্যাক ম্যাজিক সিনেমা ক্যামেরায় নির্মাণ। এবারের কোরবানি ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ‘আমরা করব জয়’।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেইউ