বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে আগামী ২০ মার্চ ২০১৪ তারিখে কুমিল্লা ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এটিএন বাংলা রাত ৭টা ৩০মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে। মূল অনুষ্ঠানটি হবে প্রায় ৪ ঘন্টাব্যাপী। এর মধ্যে এটিএন বাংলা কুমিল্লা থেকে সরাসরি সম্প্রচার করবে প্রায় আড়াই ঘন্টার অনুষ্ঠান।
মনোমুগ্ধকর এ আয়োজনে সুরের মুর্ছনা, নৃত্যের তাল ও ছন্দের পাশাপাশি থাকবে নানাবিধ আয়োজন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন রবি চৌধুরী, আঁখি আলমগীর, মিতালী, শাহনাজ বেলী প্রমুখ।
এছাড়া থাকবে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের শিল্পীবৃন্দের নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি, এটিএন বাংলার চেয়ারম্যান, পরিচালকবৃন্দ সহ সেনাবাহিনীর সকল স্তরের কয়েক হাজার সদস্য উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মুকাদ্দেম বাবু এবং নবুয়াত রহমান।
বাংলাদেশ সেনাবাহিনী জন্ম লগ্ন থেকেই দেশের সার্বভৌম্য রক্ষার পাশাপাশি শান্তি রক্ষায় দেশে এবং জাতিসংঘ মিশনে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। এর পাশাপাশি নিয়মিতভাবে তাঁরা সামজিক ও উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছে। আর এসব দায়িত্ব পালন করতে গিয়ে সৈনিক থেকে সর্বোচ্চ পদ পর্যন্ত সবাইকে কঠোর পরিশ্রম করতে হয়, করতে হয় আত্মত্যাগ।
এটিএন বাংলা তাঁর সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম হিসেবে সেনাবাহিনীর সদস্যদের বিনোদনের মাধ্যমে উজ্জীবিত করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সাভার এবং বগুড়ার পর কুমিল্লা ক্যান্টনমেন্টে অনুষ্ঠেয় সাংস্কৃতিক অনুষ্ঠান তেমনই একটি আয়োজন।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]