মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র ‘ডুব’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার রাজধানী শহর ক্যানবেরায় আগামীকাল রোববার মুক্তি পাবে ছবিটি।

চলচ্চিত্রটির ব্যাপারে এরই মধ্যে অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালিদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। আগামী ১১ থেকে ১২ নভেম্বর এবং ১৮ থেকে ১৯ নভেম্বর সিডনির প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি।

ক্যানবেরা, সিডনিসহ অস্ট্রেলিয়ার মেলবোর্ন, অ্যাডেলেইড, ডারউইন, ব্রিসবেন ও পার্থে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। সিডনিতে ‘ডুব’ ছবির টিকিট পাওয়া যাবে www.deshievents.com.au এই ওয়েবসাইটে। অস্ট্রেলিয়ায় চলচ্চিত্রটি পরিবেশনায় রয়েছে পথ প্রোডাকশনস, দেশি ইভেন্টস ও বাজ প্রোডাকশনস।

জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজের যৌথ প্রযোজনায় তৈরি ‘ডুব’ ছবির প্রধান চরিত্র অভিনয় করেছেন ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, পার্ণো মিত্র প্রমুখ।

‘ডুব’ ছবিটি গতকাল শুক্রবার বাংলাদেশ আর ভারতের কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

এএস