শিল্পা শিন্ডের পর ‘ভাবি জি ঘর পর হ্যায়’-র প্রযোজক বিনাফের কোহালির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন অভিনেত্রী সমীক্ষা। ওই সিরিয়ালের সেটে নাকি তাকেও বিভিন্নভাবে হয়রানি করা হয়। সমীক্ষার কথায়, ‘সেটের পরিবেশ খুব খারাপ। প্রযোজকের বিরুদ্ধে কোনো কথা আমরা বললেই পরিচালক পবন সাধু আমাদের খারাপ ভাষায় গালাগালি দিতেন। তিনি এও বলতেন, প্রযোজকই নাকি তাকে এমন ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন। তা না করলে নাকি শিল্পীরা মাথায় চড়ে বসবে! আমাদের পারফরম্যান্স খারাপ হতো এ সবের জন্য।’

সমীক্ষা আরো অভিযোগ করেন, তার পাওনা টাকাও নাকি মিটিয়ে দেননি কোহালি। যদিও প্রযোজক তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে কোহালির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রী শিল্পা শিন্ডে। তার অভিযোগ ছিল, প্রযোজক তাকে সব সময়ই ‘সেক্সি’ বলে ডাকতেন। বারবার ঘনিষ্ঠ হতে চাইতেন। এমনকী সঞ্জয়ের সঙ্গে ঘনিষ্ঠ না হতে চাওয়ার কারণে একাধিক বার তাকে শো-থেকে বের করে দেওয়ার হুমকিও দিয়েছেন প্রযোজক। একবার নাকি শিল্পার সঙ্গে জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। সেই সময় ওই শো-এর মেকআপ আর্টিস্ট পিঙ্কু পাটওয়া তাদের দেখে ফেলেন। ঠিক তার পরদিনই পিঙ্কুর চাকরি চলে যায় বলে দাবি করেছিলেন শিল্পা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা