বিয়ে করে আর দশটা মেয়ের মতো তিনিও সংসারী হবেন- এমন ইচ্ছা তার বরাবরই ছিলো। তবে সে প্রক্রিয়া এখন এগিয়েছে অনেকদূর। মাসখানেকের মধ্যেই বাজবে সানাই। এমনই খবর মিলেছে অভিনেত্রী বিন্দুর।

তবে হবু বর সম্পর্কে এখনই কিছুই জানাচ্ছেন না এই অভিনয় তারকা। বিন্দু বলেন, পরিবার থেকে পাত্র পছন্দ করা হয়েছে। বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেলেই ঘটা করে সবাইকে সুখবরটা জানিয়ে দেবো। বিয়ে একটি পবিত্র বিষয়। আমি এ নিয়ে কোনো লুকোচুরি করতে চাই না।

বিয়ের প্রস্তুতির কারণেই বোধহয় অভিনয় একেবারেই কমিয়ে দিয়েছেন বিন্দু। এ কারণে এবারের ঈদ উপলক্ষে তিনি কাজ করেছেন হাতেগোনা কয়েকটিতে নাটকে। বিভিন্ন নির্মাতা তার সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হচ্ছেন বারবার। বিন্দু তার সিদ্ধান্তে অটল। আপাতত অভিনয়কে না জানিয়ে বসে আছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

এ বিষয়ে বিন্দু বলেন, বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে। এই মুহূর্তে পরিবারকে সময় দেওয়া খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া আমি আগেই বলেছি, বিয়ের পর স্বাভাবিক জীবনযাপন করবো। শুটিংয়ের এত চাপ সামলে ভালোভাবে সংসার করা তো সম্ভব না।

ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই