এস এস রাজমৌলির ‘বাহুবলী’ ছবির কল্যাণে দক্ষিণ ভারতের নায়ক প্রভাস এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় তারকা।

এই অবিবাহিত তারকার খ্যাতি এখন এতটাই যে তাঁর জন্য লাইন ধরে বিয়ের প্রস্তাব আসছে। আর হবেই বা না কেন, প্রভাসই তো এখন ভারতের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’। ইতিমধ্যে ৬০০০টি বিয়ের প্রস্তাব পেয়েছেন প্রভাস।

 

প্রভাসের ৩৮তম জন্মদিন আজ। দক্ষিণী এই অভিনেতার পুরো নাম কী জানেন? ভেঙ্কট সত্যনারায়ণ প্রভাস রাজু উপ্পালাপতি। বাঙালির জন্য প্রায় ‘টাঙ্গ টুইস্টার’!

২০ বছর বয়সে অভিনয় জগতে পা। প্রভাস এক বার জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই হোটেলের ব্যবসা করার ইচ্ছে ছিল তাঁর। প্রভাসের প্রিয় খাবার ‘বাটার চিকেন’।

দক্ষিণ ভারতীয় অভিনেতাদের মধ্যে একমাত্র প্রভাসেরই মোমের মূর্তি রয়েছে ব্যাংককের মাদাম তুসো মিউজিয়ামে। পরিচালক এস এস রাজামৌলির ‘বাহুবলী’ ছবি করার সময় পাঁচ বছর আর কোনও ছবি করেননি প্রভাস।

তেলুগু অভিনেতা হলেও বলিউডের ছবি খুবই পছন্দ প্রভাসের। ‘মু্ন্নাভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস’ নাকি প্রায় ২০ বার করে দেখেছেন তিনি। তবে বলিউডে প্রভাসের এন্ট্রি নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

‘বাহুবলী’র শুটিং চলাকালীন প্রভাস নাকি বিয়ের জন্য ছ’হাজার প্রস্তাব পেয়েছিলেন। তবে কোনও প্রস্তাবেই রাজি হননি ‘বাহুবলী’।

প্রভাস অসম্ভব বই পড়তে ভালবাসেন। নিজের বাড়িতে একটি আস্ত লাইব্রেরি রয়েছে তাঁর। স্ট্রেসবাস্টার হিসেবে ভলিবল খেলতে ভালবাসেন প্রভাস।

বহুদিন থেকেই গুঞ্জন, ‘দেবসেনা’ অনুষ্কা শেট্টির সঙ্গে নাকি প্রেম করছেন প্রভাস। দুই অভিনেতাকে মাঝে মাঝেই এক সঙ্গে দেখাও যায়। তবে প্রেম বা বিয়ে নিয়ে কেউই এখনও মুখ খোলেননি।

এএস