'পদত্যাগ করেছেন তুরস্কের প্রধান বিচারপতি হাশিম কিলিক। ২০০৭ সাল থেকে তুরস্কের সাংবিধানিক আদালতের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
মঙ্গলবার তিনি এক ভাষণে নিজের পদত্যাগের কথা ঘোষণা করে জানান, বিচার বিভাগের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ উদ্বেগজনক পর্যায়ে চলে যাচ্ছে।
প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিচারপতি কিলিকের মতবিরোধ চলছিল। বিশেষ করে এরদোগান যখন তুরস্কের প্রধানমন্ত্রী ছিলেন তখন তাদের মধ্যকার মতপার্থক্যের কথা সাধারণ মানুষের মধ্যে আলোচিত হতো। সে সময় তুরস্কে টুইটারসহ আরো কয়েকটি সামাজিক যোগাযোগের মাধ্যম নিষিদ্ধ করে সরকার যে আইন জারি করেছিল বিচারপতি কিলিক তা তুলে দিয়েছিলেন।
অবশ্য ৬৪ বছর বয়সি হাশিম কিলিক আগামী জুন মাসে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন বলে যে গুজব ছড়িয়েছে তা অস্বীকার করেছেন।
এদিকে তুরস্কের দৈনিক সাবাহ জানিয়েছে, সাংবিধানিক আদালতের অন্যতম বিচারক জুহতু আর্সলানকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
ইআর





