আগামী ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল বয়কটের বিষয়ে প্রচারণা জোরদার করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সংস্থাটি বলছে, রাশিয়া যদি ইউক্রেন সংকট আরও বাড়িয়ে তোলে তাহলে তারা ২০১৮ সালের বিশ্বকাপ বয়কট করবে।

ইউরোপীয় ইউনিয়নের তিনটি সদস্য দেশের কূটনীতিক বিষয়টি নিশ্চত করে বলেছেন, ক্রীড়া ক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ইইউ আলাপ-আলোচনা করছে।

তবে খুব অল্প সময়ের মধ্যে বড় ধরনের ক্রীড়া আসর কয়কট করবে না বলে তারা নিশ্চিত করেছেন।

সম্প্রতি ফিফা সভাপতি সেফ ব্লাটারও বলেছেন, 'আমরা রাশিয়ায় বিশ্বকাপ আয়োজনের বিষয়টিতে কোনো রকম বাধা সৃষ্টির কথা ভাবছি না।'

তার এ বক্তব্যের পরও ইইউ রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল বয়কটের চিন্তা করছে বলে খবর প্রকাশ হলো।

গত ৩১ আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তার দেশ ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক দেশ হওয়ার অধিকার হারাবে না।

তিনি বলেন, 'আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা এরইমধ্যে জানিয়ে দিয়েছে যে, খেলাধুলাকে রাজনীতির মধ্যে অন্তর্ভুক্ত করা হবে না এবং আমি মনে করি এটাই সঠিক দৃষ্টিভঙ্গি।'

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর