ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহির সঙ্গে দ্বন্দ্বের জেরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যাভিগদর লিবারম্যান পদত্যাগ করেছেন। একইসঙ্গে নেতানিয়াহুর নতুন জোট সরকারে তার দল যোগ দেবে না বলেও ঘোষণা দিয়েছেন লিবারম্যান।
সোমবার আলজাজিরার খবরে বলা হয়, নতুন সরকার গঠনে মাত্র দুই দিন আগে ‘চাঞ্চল্যকর’ এই ঘোষণা এলো। পদত্যাগ না করলেও ওই পদে ফের অধিষ্ঠিত হতেন উগ্র ডানপন্থী দল ইসরায়েল বেইতেনু-এর নেতা লিবারম্যান ।
লিবারম্যান বলেন, ‘এখানে নিশ্চিতভাবে একটি জোট গঠন হচ্ছে। কিন্তু এতে আমার মতে, ডানপন্থী ঘরনার জাতীয়বাদী পক্ষের প্রভাব প্রতিফলিত হয়নি। এটা আমাদের পছন্দও নয়। তাই আমরা স্পষ্ট ও দ্ব্যর্থহীন সিদ্ধান্তে পৌঁছেছি যে, বর্তমান জোটে যোগ দেওয়া আমাদের দিক থেকে সঠিক হবে না।’
সাংবাদিকদের সোমবার লিবারম্যান জানান, তার দলকে মন্ত্রী পরিষদের মাত্র দুটি পদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এতে মোটেও সন্তুষ্ট নন তিনি। পাশাপাশি তিনি জোটে যোগ দেওয়ার শর্ত হিসেবে এই দাবিও করেছেন যে, ওয়াশিংটনের সঙ্গে সংলাপের সব দায়ভার নিতে হবে।
প্রসঙ্গত, চলতি বছরের ১৭ মার্চের সাধারণ নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি সংখ্যাগরিষ্ঠ ভোট পায়। কিন্তু ১২০ আসনবিশিষ্ট সংসদের সরকার গঠনের প্রয়োজনীয় আসন ব্যর্থ হওয়ার পর জোট সরকার গঠন করতে বাধ্য হতে হচ্ছে লিকুট পার্টিকে।
এএইচ





