গাজায় সংগঠিত যুদ্ধাপরাধের বিষয়ে তদন্ত করার জন্য কমিশন গঠন করেছে জাতিসংঘ। কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন কানাডিয়ান অধ্যাপক উইলিয়াম স্কেবাস।

তাকে সহযোগীতা করবেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ দৌদৌ ডাইনি এবং ব্যারিস্টার আমাল আলামুদ্দিন।

লেবানিজ বংশোদ্ভূত বৃটিশ আইনজীবী আমাল আলামুদ্দিন হলিউডের অভিনেতা জর্জ ক্লুনির আইনজীবী হিসেবে কাজ করছেন।

তদন্ত কমিশন আগামী মার্চ মাসে জাতিসংঘের ৪৭ সদস্য বিশিষ্ট মানবাধিকার কাউন্সিলের কাছে তাদের রিপোর্ট জমা দিবে।

গাজায় ইসরাইলের হামলায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ২৩ জুলাই ভোটের ব্যবস্থা করে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। ভোটের পর সিদ্ধান্ত হয় যে, মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে তদন্ত করা হবে।

জাতিসংঘের হিসেব অনুসারে, ইসরাইলি হামলায় কমপক্ষে ৪২৫,০০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। তারা বর্তমানে আত্মীয়-স্বজন এবং আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। ইসরাইলি গোলার আঘাতে ও বিমান হামলায় প্রায় ১২,০০০ বাড়ি পুরোপুরি অথবা আংশিক ধ্বংস হয়েছে।

উল্লেখ্য, ছোট গাজা উপত্যকায় গত ৮ জুলাই হামলা শুরু করে ইসরাইল। হামলায় এ পর্যন্ত ১,৯০০ বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ৯,০০০ বেশি জন আহত হয়েছে। অন্যদিকে ৬৪ ইসরাইলি সেনা মতান্তরে ১৫০ সেনা ও ২ বেসামরিক ইসরাইলি নাগরিক, ১ থাই নাগরিক যুদ্ধে নিহত হয়েছে।

সূত্র: রয়াটাস, এপি, এএফপি।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই