আবারও সরকার অচলের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির তহবিল এবং নতুন অভিবাসন আইনে ডেমোক্রেট নেতাদের সমর্থন না পেলে সরকার অচল করে দেবেন তিনি।
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। অবৈধ অভিবাসন নিয়ে কঠোর অবস্থানে গিয়ে ট্রাম্প ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে।
এর আগে ট্রাম্পের ক্ষমতার এক বছরের মাথায় চলতি বছরের জানুয়ারি মাসে কয়েকদিনের জন্য সরকার অচল হয়ে পড়ে। সোমবার এ খবর দিয়েছে সিএনএন।
রোববার এক টুইটে ট্রাম্প বলেন, “ডেমোক্রেটরা যদি সীমান্ত নিরাপত্তা বিষয়ে আমাদের ভোট না দেয় তবে আমি সরকার ‘অচল’ করে দেব।”
বিশ্লেষকরা বলছেন, ফেডারেল সরকারের কার্যক্রম বন্ধ করে দেয়ার ঘোষণা ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির জন্য হিতে বিপরীত হতে পারে।
কারণ, সরকার অচল হয়ে পড়লে যে বিশৃঙ্খলার সৃষ্টি হবে তার জন্য ভোটাররা রিপাবলিকান পার্টিকে দায়ী করতে পারেন।
এদিকে অভিবাসন বিষয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এ মাসে রয়টার্স পরিচালিত একটি জনমত জরিপে দেশটির ৮১ শতাংশ রিপাবলিকান সমর্থক ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির পক্ষে মত দিয়েছেন।
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ২ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার তহবিল চেয়েছেন ট্রাম্প।
এমঅার





