আসামের ডিগবয়ে বিচ্ছিন্নতাকামীদের সাথে সঙ্ঘর্ষে তিন ভারতীয় সৈন্য নিহত হয়েছে।

শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ গুয়াহাটি থেকে ৫১০ কিলোমিটার দূরে তিনসুকিয়ার বুরহি দিহিঙ সংরক্ষিত অরণ্যে এই ঘটনা ঘটে।

ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী। উলফা সদস্যদের সঙ্গে সঙ্ঘর্ষ বাঁধে। রাস্তায় আগে থেকেই আইইডি রেখে দিয়েছিল উলফা।

তার ওপর দিয়ে সেনা কনভয় যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। তাতে গুরুতর জখম হন ৭ সৈন্য। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তিনজনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে চারজন।

এই হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। টুইটারে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

এর আগে গত বুধবারই পেঙ্গারি চা বাগান-সংলগ্ন ওই এলাকায় হামলা চালিয়েছিল স্বাধীনতাকামীরা। তাতে একজনের মৃত্যু হয়। আহত হন আরো ২ জন।

মাহমুদ.