রাজনৈতিক অন্তর্ভুক্তিকরণ ছাড়া বাংলাদেশের স্থিতিশীলতা চরম হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিলওয়াল।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র বৃহত্তর রাজনৈতিক অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়ার জন্য বাংলাদেশকে চাপ দিচ্ছে। কারণ এটি ছাড়া স্থিতিশীলতা ও সমৃদ্ধি ঝুঁকিপূর্ণ।
যুক্তরাষ্ট্রের বোস্টনে হাভার্ড বিশ্ববিদ্যালয়ে 'দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি' শীর্ষক এক বক্তৃতায় নিশা দেশাই এ কথা বলেন।
পাশাপাশি তিনি সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে যেসব অর্জন হয়েছে সে জন্য প্রশংসা করেন। বাংলাদেশ একমাত্র দেশ যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন নিয়ে উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
নিশা দেশাই বলেন, বাংলাদেশ হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে শিশু ও মাতৃ মৃত্যুর হার ইস্যুতে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে।
বাংলাদেশের গার্মেন্ট শিল্পে দুর্ঘটনা সম্পর্কে তিনি বলেন, যখন রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে শ্রমিকদের নাজুক অবস্থা সম্পর্কে, তখন আমরা ইউরোপীয় ইউনিয়নের অংশীদারদের সঙ্গে নিয়ে কাজ করেছি। শ্রমিক, গার্মেন্ট, সুশীল সমাজ ও সরকারকে নিয়ে বাংলাদেশের গার্মেন্ট খাতে বৃহত্তর উন্নয়নের জন্য চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, বছরের পর বছর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। তা শুধু আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনে নয়, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী অবস্থান ও হিউম্যানিটারিয়ান এসিসট্যান্স অ্যান্ড ডিজঅ্যাস্টার রেসপন্স-এর বেলায়ও এ সহযোগিতা অব্যাহত আছে।
তিনি আরও বলেন, ২০০১ সালের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশে ঘূর্ণিঝড় প্রস্তুতিতে সহায়তা করছে। নির্মাণ করেছে ৫ শতাধিক ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস
[/b]