পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খান বলেছেন, ২০১৩ সালের জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ তদন্তে অংশ নেয়া ব্যক্তিদেরকে সুরক্ষা দেয়ার জন্য প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে পদত্যাগ করতে হবে।

ইমরান খান সোমবার জোর দিয়ে বলেছেন, যারা তদন্ত কাজে এগিয়ে আসতে চান তাদের জন্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে কেবল তখনই যখন নওয়াজ শরীফ পদত্যাগ করবেন। মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে এ কথা বলেছেন পিটিআই প্রধান।

পাকিস্তানের সাবেক অতিরিক্ত সচিব মুহাম্মাদ আফজাল খান গতকাল এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, ২০১৩ সালের জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে নওয়াজ শরীফ ক্ষমতায় এসেছেন এবং এতে সাবেক প্রধান বিচারপতি ইফতেখার মুহাম্মাদ চৌধুরী ও তাসাদ্দুক জিলানি বিশেষ সহযোগিতা করেছেন। তার এ বক্তব্যের পর ইমরান খান নিজের দাবি আরো জোরালোভাবে উপস্থাপন করলেন।

ইমরান খান বলেন, জনগণ এখন সামনে এগিয়ে যেতে চায় এবং কারচুপির বিরুদ্ধে কথা বলছে। যারা এ তদন্ত কাজের সঙ্গে জড়িত থাকবে তাদেরকে অবশ্যই প্রয়োজনীয় নিরাপত্তা দিতে হবে।

এর আগে, গতকাল ইমরান খান বলেছেন, নওয়াজ শরীফ অন্তত ৩০ দিনের জন্য পদত্যাগ করতে পারেন এবং এ সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই