পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ও বিরোধী দলের নেতা ইমরান খানের গাড়িবহর লক্ষ্য করে গুলি করা হয়েছে।

দলটির ফেইসবুক পেজে অভিযোগ করা হয়, সরকারি দল পিএমএল-এন এর সদস্যরা ইমরানের বুলেটপ্রুফ গাড়িবহর লক্ষ্য করে গুজরানওয়ালা শহরে পাথর নিক্ষেপ ও  গুলি ছোড়ে। তবে তিনি অক্ষত আছেন।

ক্রিকেট তারকা ইমরান খান ও জনপ্রিয় ধর্মীয় নেতা তাহিরুল কাদরি গত বছর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সরকারের পদত্যাগের দাবিতে ইসলামাবাদ অভিমুখে বিশাল লংমার্চের কর্মসূচি পালন করছেন।

গুলি বর্ষণের ঘটনার পর গুজরানওয়ালা শহরে ইমরানের সমর্থক ও সরকারসমর্থকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। টিভি ফুটেজে দেখা যায়,  সরকার সমর্থকরা লংমার্চের পোস্টার ছিড়ে ফেলছে এবং ইমরানের সমর্থকদের সাথে সংঘর্ষ করছে।

ধর্মীয় নেতা তাহির উল ক্বাদরি ও ইমরানের নেতৃত্বাধীন এ বিক্ষোভকে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন মুসলিম লিগ জোটের সরকারের ক্ষমতা নেওয়ার পর সবচেয়ে বড় আন্দোলন বলে দেখা হচ্ছে। আল-জাজিরা'র সংবাদদাতা আসাদ হাসিম জানিয়েছেন, আন্দোলনকারী দু'টি পক্ষ ইসলামাবাদে আসার পর যৌথভাবে অবস্থান-বিক্ষোভ করেবে কিনা সেটা স্পষ্ট নয়। উভয়পক্ষ সরকারের পদত্যাগের দাবিতে অনঢ় রয়েছে।

ইমরানের টুইট : এক টুইট বার্তায় ইমরান খান বলেছেন," আমি শরিফ সরকারের কাছে এটা স্পষ্ট করতে চাই যে তারা যা ইচ্ছা তাই করতে পারে। আমরা আমাদের আজাদি মার্চ বন্ধ করব না। যখন আমরা ইসলামাবাদে পৌছব তখন তাদের সাথে বোঝাপড়া করব।" সূত্র: বিবিসি ও আলজাজিরা।

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম,টিআই