রাশিয়ার সাঁজোয়া বহর ইউক্রেন সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপি খবর দিয়েছে। এর আগে, রুশ সাঁজোয়া বহরের একটি ছোট দল ইউক্রেনে ঢুকেছে বলে জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম।
এএফপির সাংবাদিকরা শুক্রবার বলেছেন, সৈন্য বহনকারী প্রায় ১২টি সাঁজোয়া গাড়ি দোনেতস্কের কাছে রুশ সীমান্তের দিকে এগিয়ে চলেছে। রুশপন্থী স্বাধীনতাকামী অধ্যুষিত অবরুদ্ধ এ শহরটির জন্য মস্কো যে মানবিক ত্রাণের বিশাল বহর পাঠিয়েছে সাঁজোয়া বহর তার কাছাকাছি স্থানে ছিল।
এদিকে, ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এবং দ্যা টেলিগ্রাফ জানিয়েছে, গতরাতে রুশ সাঁজোয়া যান ও সামরিক ট্রাক দোনেতস্ক হয়ে ইউক্রেনে ঢুকেছে।
কিয়েভ আশঙ্কা করছে, প্রায় ৩০০ লরিতে করে ত্রাণের নামে রাশিয়া হয়ত বিদ্রোহীদের কাছে সামরিক সহায়তা পাঠিয়েছে। দেশটির সীমান্তরক্ষীদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যবেক্ষকরা প্রতিটি ত্রাণবাহী ট্রাক তল্লাশি করার পর সেগুলোকে ঢুকতে দেয়া হবে বলে ইউক্রেন সরকার জানিয়েছে। সূত্র: আইআরআইবি, এএফপি।
ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম,টিআই





