মালয়েশিয়ার নিখোঁজ বিমানের পাইলট ক্যাপ্টেন জাহারি আহমদ শাহ’র মেয়ে বিমান নিখোঁজ হওয়ার দিনটিতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভিক্টোরিয়ায় অবস্থান করছিলেন। অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একাধিক সংবাদপত্র এ খবরটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এ প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, আয়শা জাহারি (২৭) গিলংয়ে অবস্থিত ডেকিন বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য বিদ্যায় স্নাতক ডিগ্রি নিয়েছেন। তার বয়ফ্রেন্ড আনোয়ারের বাড়ি মালয়েশিয়ায়। জাহারি ও আনোয়ার ভিক্টোরিয়ায় বসবাসের আগে কুয়ালালামপুরের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
কুরিয়ার মেইল ডটকম ওয়েবসাইটে ক্রিস্টিন শর্টেন ও সিনডি ওকনার লিখেছেন, আয়শা ও আনোয়ারের মালয়েশিয়ায় পাড়ি জমানোর খবরটি এলো এমন এক সময় যখন মার্কিন গোয়েন্দা সংস্থা খবর দিয়েছে আয়শার পিতা তার বাড়িতে ফ্লাইট সিমুলেশন নিয়ে একটি প্রজেক্ট করেছিলেন। ওই সিমুলেশনে দেখা যাচ্ছে আকাশে উড্ডয়নরত একটি উড়োজাহাজ কিভাবে বিভিন্ন ভাবে ওঠানামা এবং চলাচল করতে পারে। এই সিমুলেশনের কাজটি তিনি তৈরি করেছিলেন তার বাড়িতেই। পুলিশ এটি জব্দ করেছে। বিশেষজ্ঞরা বুঝতে চাইছেন, এ সিমুলেশন দিয়ে বিমানকে রাডার ফাঁকি দিয়ে কোন একটি দ্বীপে অবতরণ করার মতো দৃশ্যকল্প পাইলট জাহারি কল্পনা করেছিলেন কিনা।
মেয়ে জাহারির একজন বন্ধুর সঙ্গে কথা বলেছে অস্ট্রেলিয়া ভিত্তিক কুরিয়ার মেইল। ওই বন্ধুটি বলেছেন, আন্তর্জাতিক গণমাধ্যমে জাহারি সম্পর্কে যা বলা হয়েছে তা সত্য নয়। এটা উদ্ভট। তিনি চমৎকার ভদ্রলোক এবং সন্তানদের প্রতি স্নেহবৎসল। তারা যেন পাইলটকেই সব কিছুর জন্য দোষী করতে ব্যাকুল হয়ে পড়েছে। এ ধরনের অনুমাননির্ভর খবর একটি পবিবারকে হত্যা করার সমতুল্য।
এদিকে আয়শা সামাজিক মিডিয়ার মাধ্যমে ব্যাপক সাহায্য-সহযোগিতা ও সহানুভূতির আশ্বাস পেয়েছেন। সোশ্যাল মিডিয়াগুলোতে বন্ধু-বান্ধবরা তার পাশে দাঁড়িয়েছে। এটা অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া উভয় স্থানে ঘটেছে।
নিখোঁজ বিমানটির সন্ধানে কর্তৃপক্ষ গতকাল ১০ দিনে পুলিশ বিশেষভাবে পাইলট জাহারি ও তার পরিবারের সদস্যদের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেয়। ইউটিউবে একটি ভিডিও ক্লিপ গতকালই প্রকাশ করা হয়েছিল। ভিডিও ক্লিপটিতে ক্যাপ্টেন জাহারি তিন দশক আগে একজন তরুণ পাইলট হিসেবে কিভাবে জীবন শুরু করেছেন তার উল্লেখ রয়েছে। এতে তাকে একজন প্রেমময়, সংবেদনশীল, উদার, শান্ত, ক্রীড়ামোদী, বুদ্ধিদীপ্ত, সহানুভূতিশীল মানুষ হিসেবে চিত্রিত করা হয়েছে। ক্লিপটির শেষে লেখা, ‘প্লিজ কাম হোম, উই মিস ইউ।’
[b]ঢাকা, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]