ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিকে ইনসাফ দল বা পিটিআই ‘রেড জোনে’ মার্চ করবে বলে ঘোষণা দেয়ার পর রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে।
রেড জোনে পিটিআই এবং তাহিরুল কাদরির নেতৃত্বাধীন পাকিস্তান আওয়ামী পার্টি বা পিএটি’র কর্মী-সমর্থকদের কারণে সৃষ্ট যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেয়া হয়েছে এ ব্যবস্থা। নিরাপত্তা রক্ষার বিষয়ে সহযোগিতার জন্য ইসলামাবাদ পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন লেফটেন্যান্ট জেনারেল কামার বাজওয়াসহ সেনাবাহিনীর আরো ১০ জন কোর কমান্ডার।
পাকিস্তান সংবিধানের ২৪৫ ধারার অধীনে রাজধানীতে সেনা মোতায়েন করা হলো। তবে, ইসলামাবাদের চিফ কমিশনার নির্দেশ না দিলে সেনাবাহিনী পুলিশকে সহযোগিতা করতে বাধ্য নয়। পাকিস্তানের গণমাধ্যম একে সরকারের বিতর্কিত সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে। প্রভাবশালী দৈনিক ডন জানিয়েছে- রাজধানীতে ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে।
সোমবার ইমরান খান রেড জোনের উদ্দেশ্যে লং মার্চ নিয়ে যাওয়ার ঘোষণা করেছিলেন। ইসলামাবাদের এ এলাকায় পশ্চিমা বহু দেশের দূতাবাস এবং সরকারি গুরুত্বপূর্ণ বহুসংখ্যক ভবন রয়েছে। সরকার এইরমধ্যে নিরাপত্তা রক্ষার জন্য সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করেছে। ইমরানের এ ঘোষণাকে বিপজ্জনক কৌশল বলে মনে করা হচ্ছে। কারণ চলমান অবস্থান কর্মসূচিতে নারী শিশুসহ সব শ্রেণির লোকজন রয়েছেন। সূত্র: আইআরআইবি
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





