সিরিয়া যুদ্ধ ৫৫ লাখ শিশুর ওপর প্রভাব ফেলেছে। এসব শিশুদের অনেকে অবরুদ্ধ বিভিন্ন এলাকায় আটকা পড়েছে। গত বছর দ্বিগুণ সংখ্যক শিশুর ওপর যুদ্ধের প্রভাব পড়েছে।
জাতিসংঘের শিশু সংক্রান্ত সংস্থা ইউনিসেফের ‘অবরুদ্ধ অবস্থাÑ সিরিয়ায় তিন বছরের যুদ্ধে শিশুদের ওপর মারাত্মক প্রভাব’ শীর্ষক এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশংকা প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, সিরিয়ার অনেক ছেলেমেয়ে ত্রাণ ও খাদ্য ঠিকমত পাচ্ছে না। নুড়ি-পাথরের মধ্যে বসবাস করছে। অনেকের তেমন কোন সুরক্ষার ব্যবস্থা নেই। অসংখ্য শিশু ঠিকমত চিকিৎসা সেবা ও মনোস্তাত্ত্বিক সহায়তা পাচ্ছে না। অনেকে শিক্ষার আলো থেকে বঞ্চিত এবং কেউ কেউ সামান্যই শিক্ষার সুযোগ পাচ্ছে। এছাড়া স্নাইপারের গুলিতে অহরহ শিশু ও গর্ভবতী মহিলা বেঘোরে প্রাণ হারাচ্ছেন বা আহত হচ্ছেন।
বার্তা সংস্থা এএফপি’র খবরে ইউনিসেফের প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, সিরিয়ার বিভিন্ন এলাকায় ১০ লাখ শিশু আটকা পড়েছে। এসব এলাকা হয় অবরুদ্ধ নয় সেখানে মানবিক সহায়তা পৌঁছানো যাচ্ছে না। এছাড়া প্রায় ২০ লাখ শিশুর জরুরী মনোস্তাত্ত্বিক সহায়তা বা চিকিৎসা প্রয়োজন।
ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক বলেন, সিরিয়ার শিশুদের জন্য গত তিন বছর ছিল তাদের জীবনের দীর্ঘতম সময়। তাদের কি আরো এক বছর দুর্ভোগ পোহাতে হবে?
প্রতিবেদনে আরো বলা হয়, জর্ডানে শরণার্থী হিসেবে বসবাসকারী প্রতি ১০ জন সিরীয় শিশুর একজন শ্রমে নিয়োজিত এবং প্রতি ৫ মেয়ে শিশুর একজনের ১৮ বছরের নিচে বিয়ে হয়ে যাচ্ছে।
সিরিয়ার ৫ লাখেরও বেশি নাগরিক জর্ডানে শরণার্থী হিসেবে বসবাস করছে। সূত্র: এএফপি
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//  টিআই[/b]