ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ করেছে ফিলিস্তিন সমর্থকরা। শনিবার গাজায় হামলা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়েছে তারা।
যুক্তরাষ্ট্রের তরুণ থেকে বৃদ্ধ এবং পিতামাতার সঙ্গে সন্তানেরাও এ বিক্ষোভ সমাবেশে অংশ নেয় এবং ‘ইসরাইলে মার্কিন সহায়তা বন্ধ করো’এবং ফিলিস্তিন থেকে ইসরাইল হাত গোটাও’শ্লোগান দেয় ।
আমর জামাল তার পরিবার নিয়ে বিক্ষোভে অংশ নেন। তার ভাষায়, ‘গাজা কখনো ধ্বংস হবে না। কখনই না’।
ফিলিস্তিনি বংশোদ্ভূত ৭০ বছর বয়সী জামাল আরো বলেন, শান্তি প্রতিষ্ঠার এখনই সময়। কারণ রক্তপাত গাজাকে ধ্বংস করতে পারবে না। বরং সমস্ত মধ্যপ্রাচ্যই সংকটে পড়বে।
বিক্ষোভে অংশ নেয়া অনেকেই নেতানিয়াহুর বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করে। একজনের ব্যানারে লেখা ছিল, ‘নেতানিয়াহু আর হিটলার একই। কেবল নাম ভিন্ন’।
এছাড়া বিক্ষোভকারীরা ইসরাইলে মার্কিন সামরিক সহায়তার নিন্দা ও তা বন্ধের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, গত আট জুলাই ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে। সে থেকে এ পর্যন্ত গাজায় ১৭শ’রও বেশি বেসামরিক লোক প্রাণ হারায়।
ঢাকা, ৩ আগস্ট (টাইমনিউজবিডি.কম) //জেডআই





