দেশের বাইরে নিজেদের নাগরিকদের জাতীয় পোষাক পরিধান না করার আহ্বান জানিয়েছে সংযু্ক্ত আরব আমিরাত। গত বুধবার যুক্তরাষ্ট্রের ওহাইওতে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আরব আমিরাতের এক ব্যক্তিকে আটকের পর রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানিয়েছে।
ওহাইতো নিয়মিত মেডিক্যাল চেকআপের জন্য গিয়েছিলেন আরব আমিরাতের ব্যবসায়ী আহমেদ আল মেনহালি। টেলিফোনে আরবিতে কথা বলতে দেখে হোটেলের এক কর্মী তাকে আইএসের সদস্য বলে সন্দেহ করে। বিষয়টি তিনি পুলিশকে জানালে মেনহালিকে আটক করা হয়। এ ঘটনার পর মার্কিন দূতাবাসের উপপ্রধান ইথান গোল্ডরিচকে তলব করে ক্ষোভ প্রকাশ করেছে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দূতাবাসের পক্ষ থেকে অবশ্য এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে। মেনহালির বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে ছেড়েও দিয়েছে পুলিশ।
রোববার আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইউরোপসহ পশ্চিমা দেশগুলোতে সফরকালে তাদের নাগরিকদের জাতীয় পোষাক না পরার আহ্বান জানিয়েছে। বিশেষ করে জনসমাগমপূর্ণ স্থানে যেন এ পোষাক পরিধান না করা হয় সে বিষয়ে সতর্ক করে দিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে ইউরোপ সফরকালে নারীরা যেন বোরকা পরিধানের সময় তাদের মুখ ঢেকে না রাখেন সেই পরামর্শও দেওয়া হয়েছে।
জেড





