ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বৃহস্পতিবার বলেছেন, পরমাণু চুক্তি বাস্তবায়নের প্রথম দিনেই আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে চূড়ান্ত চুক্তি সই করবে না তেহরান। ইরানের জাতীয় পরমাণু প্রযুক্ত দিবস উপলক্ষে রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ অনুষ্ঠানে পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে ইরানের ব্যাপক সাফল্য তুলে ধরা হয়েছে।

ইরানের সঙ্গে ছয় জাতি গোষ্ঠীর সমঝোতার ক্ষেত্রে তেহরানের বিজয় তুলে ধরতে যেয়ে তিনি বলেন, ইরানের সবচেয়ে বড় বিজয় হলো, বিশ্বের সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে পরাক্রমশালী দেশ অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছেন, ইরানের মানুষ কখনোই চাপ, নিষেধাজ্ঞা বা বল দর্পিতার কাছে মাথা নত করবেন না।

এ ছাড়া, ইরান যে একটি গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী দেশ তা সবাই মেনে নিয়েছে।

ইরান কখনোই পরমাণু বোমা তৈরি করবে না উল্লেখ করে প্রেসিডেন্ট রুহানি বলেন, পরমাণু প্রযুক্তি উন্নয়নের ধারা অব্যাহত রাখবে তেহরান। পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে বিশ্বের যে কোনো দেশের সঙ্গে সহযোগিতার জন্য ইরান প্রস্তুত বলেও জানান তিনি।

পরমাণু প্রযুক্তি ক্ষেত্রে তেহরানের সাফল্যের প্রতি ইংগিত করে প্রেসিডেন্ট রুহানি বলেন, বলদর্পী শক্তিগুলোর ইচ্ছা-অনিচ্ছার কোনো তোয়াক্কা না করেই ইরানি তরুণ বিজ্ঞানীরা জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় সাফল্য অর্জন করেছে।

জাতীয় পরমাণু প্রযুক্তি দিবসের অনুষ্ঠানে ইরানের তৈরি তিনটি রেডিও-মেডিসিন এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি তৈরির ব্যবস্থা উন্মোচন করেন প্রেসিডেন্ট রুহানি।

জেআই