ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, “নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে আমাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধ করা যাবে না।” শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জারিফ বলেন, একতরফা নিষেধাজ্ঞা শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে বন্ধ করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি নিষেধাজ্ঞার মাধ্যমে কখনোই কোনো ফল বেরিয়ে আসবে না, কারণ নিষেধাজ্ঞা হচ্ছে চাপ প্রয়োগ ও বলদর্পি নীতি বাস্তবায়নের অপকৌশল এবং তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে যে কোনো ধরনের অস্পষ্টতা দূর করতেই জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য দেশ ও জার্মানির সঙ্গে আলোচনা চলছে বলে তিনি জানান।

নিষেধাজ্ঞার অকার্যকারিতা প্রসঙ্গে তিনি বলেন, নিষেধাজ্ঞা আরোপের আগে আমাদের সেন্ট্রিফিউজের সংখ্যা ছিল ২০০টি, কিন্তু এখন আমাদের কাছে ২০ হাজার সেন্ট্রিফিউজ রয়েছে।

আমেরিকার নেতৃত্বে পাশ্চাত্যের দেশগুলো ভিত্তিহীন অভিযোগে ইরানের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। তারা বলছে- সামরিক উদ্দেশ্যে ইরান পরমাণু কর্মসূচি চালাচ্ছে। কিন্তু ইরান প্রথম থেকেই এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে। আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএইএ’র বিভিন্ন প্রতিবেদনেও ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই