ইন্দোনেশিয়ায় পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে আজ। প্রায় ১৯ কোটি নিবন্ধিত ভোটার রয়েছেন দেশটিতে।
বুধবার সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোটকেন্দ্রে যাচ্ছেন। স্থানীয় সময় সকাল ৭টায় ভোট শুরু হয়।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গভর্নর জোকো উয়িদোদো এবং সেনাবাহিনীর সাবেক এক জেনারেল প্রাবোওয়ো সুবিয়ান্তো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
জোকোউয়ি নামে বেশি পরিচিত উয়িদোদো। এ পর্যন্ত পরিচালিত মতামত জরিপগুলোর ফলাফল বলছে, তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে এ দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে।
প্রথমদিকের মতামত জরিপে উয়িদোদো এগিয়ে থাকলেও, পরের জরিপগুলোতে বেশ কাছাকাছিই ছিলেন সুবিয়ান্তো। বিজয়ী প্রার্থী বিদায়ী প্রেসিডেন্ট সুসিলো ব্যামব্যাং ইয়ুধোইয়োনোর স্থলাভিষিক্ত হবেন। সুসিলো তার দ্বিতীয় মেয়াদ পূর্ণ করায়, সংবিধান অনুযায়ী তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। ইন্দোনেশিয়ান ডেমোক্রেটিক পার্টি অব স্ট্রাগলের (পিডিআই-পি) প্রার্থী উয়িদোদো রাজনীতিবিদ হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। শহর ও গ্রামের তরুণদের কাছে তার একটি সুস্পষ্ট ভাবমূর্তি রয়েছে।
তবে সমালোচকদের মতে, জাতীয় রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তার অভিজ্ঞতা কম। অন্যদিকে, সুবিয়ান্তো সৎ সেনা কর্মকর্তা হওয়ায় তার ওপরও আস্থা রাখছেন অনেকেই।
ঢাকা, ০৯ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





