ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বলেছেন, তেলের উৎপাদন বাড়ানোর জন্য এমন কোনো পন্থা বাকি নেই যা তেল উৎপাদনকারী দেশগুলো ব্যবহার করে নি।
একইসঙ্গে তেলের মূল্য কমানোর লক্ষ্যে এর উৎপাদন বাড়ানোর জন্য ওপেকভুক্ত দেশগুলোর সদস্যদের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে চাপ সৃষ্টি করছেন তা নাকচ করে দেন তিনি।
আজ (১৬ অক্টোবর) তেহরানে অনুষ্ঠিত তেল এবং জ্বালানী বিষয়ক একটি সম্মেলনে দেয়া বক্তৃতায় জাঙ্গানে বলেন, ট্রাম্প মনে করছেন তিনি গুণ্ডামির মাধ্যমে বিশ্ব বাজারে তেলের মূল্য কমিয়ে আনতে সক্ষম হবেন।
তিনি বলেন, বাড়তি তেল উৎপাদনের সক্ষমতা কোনো দেশেরই নেই। সৌদি আরব এখন তার রিজার্ভ থেকে তেল ব্যবহার করছে এবং বর্তমানে দেশটির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি তুরস্কে নিখোঁজ হওয়ার ঘটনায় রিয়াদ সরকার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে।
তিনি আরো বলেন, "তেলের বাজারে আমেরিকা তার নিজস্ব শর্ত চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। তারা নিজেদের গায়ে সুই ফুটিয়ে বলছে উফ! আর অন্যদেরকে এ সমস্যার সমাধানের জন্য আহ্বান জানাচ্ছে।"
ইরানের এ মন্ত্রী বলেন, কেউ তাদেরকে বলুক যে নিজেরাই নিজেদের গায়ে সুই ফুটিয়ে দেয়ার কোনো প্রয়োজন নেই। নিষেধাজ্ঞা উঠিয়ে দেও এবং স্বাভাবাকিভাবেই তেলের বাজারে ভারসাম্য আসবে ও তেলের মূল্য কমে যাবে।
এমবি





