রাশিয়া থেকে ২৬২টি ট্রাকে করে প্রায় ২,০০০ টন মানবিক ত্রাণের বহর ইউক্রেন সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে। এ নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। ইউক্রেন সরকার দেশটিতে এ বহর ঢুকতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনউক রাশিয়ার সমালোচনা করে বলেছেন, " প্রথমে তারা ট্যাংক, রকেট লাঞ্চার, সন্ত্রাসী এবং ডাকাত সরবরাহ করেছে..., এবং তারপর পানি লবণ সরবরাহ করছে।

রাশিয়ার ত্রাণবহর গোলযোগপূর্ণ ইউক্রেনের পূর্বাঞ্চলের অধিবাসীদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে ইউক্রেনের সেনাবাহিনী ও রুশপন্থি অস্ত্রধারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।

রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, ওই ত্রাণ বহরে শিশুদের খাবার থেকে শুরু করে স্লিপিং ব্যাগ পর্যন্ত রয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী ও রুশপন্থি অস্ত্রধারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ১,৩০০ লোক প্রাণ হারিয়েছে।

এদিকে ইউক্রেন সরকার বলেছে, ইউক্রেনে ত্রাণ পাঠানোর অজুহাতে রাশিয়া মূলত রুশপন্থি অস্ত্রধারীদের সহযোগিতা করতে চায়। ইউক্রেনের প্রেসিডেন্টের দফতরেরর উপ- প্রধান ভ্যালেরি চালি মঙ্গলবার বলেছেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ার কোনো তৎপরতাকে মেনে নেয়া হবে না। আমেরিকা ও তার ইউরোপীয় মিত্র দেশগুলি ইউক্রেনের এ অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে।

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই