ভারত-বাংলাদেশ সীমান্তে শুধুমাত্র বাংলাদেশিরাই হত্যার শিকার হচ্ছে না, সমান সংখ্যক ভারতীয় নাগরিককেও হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি বলেন, এনআরসি’র কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না। এ বছরের মধ্যেই হতে পারে তিস্তার পানি বণ্টন চুক্তি। 

আজ সোমবার (২ মার্চ) সকালে হোটেল সোনারগাঁওয়ে এক সেমিনারে অংশ নিয়ে একথা বলেন তিনি।

শ্রিংলা বলেন, সীমান্তে অপরাধ দমন দুই দেশের বাহিনীর দায়িত্ব। সীমান্তে প্রতিটি হত্যাই সমস্যার। শুধুমাত্র বাংলাদেশিরাই হত্যা হচ্ছেন না, সমান সংখ্যক ভারতীয়ও হত্যার শিকার হচ্ছেন।

সেমিনারে শ্রিংলা বলেন, ‘নিকটতম প্রতিবেশী হিসেবে এবং অনেকগুলো অভিন্ন সাংস্কৃতিক ধারা থাকায় এটাও অস্বীকার করা যায় না যে, আমাদের দুই দেশেরই কিছু ঘটনা কারণে বা অকারণে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে। যার সাম্প্রতিক উদাহরণ হলো আসামে নাগরিকপঞ্জি হালনাগাদকরণ, যে প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশনা ও তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।’

দুইদিনের সফরে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। 

দিনের প্রথম কর্মসূচিতে হর্ষ বর্ধন শ্রিংলা রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে একটি সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এএস