ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট ভবনের কাছে ‘আমরা খাদ্য চাই!’ স্লোগানে বিক্ষোভরতদের উপর কাঁদুনে গ্যাস ছুঁড়েছে নিরাপত্তা বাহিনী।

ওপেকভুক্ত এই দেশটি সম্প্রতি চরম অর্থনৈতিক সংকটের মধ্যদিয়ে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভেনেজুয়েলার শত শত মানুষ কারাকাসের শহরতলীতে অবস্থিত মিরাফ্লোরেস প্যালেসের দিকে মিছিল নিয়ে যাচ্ছিলেন। কিন্তু তাদের মিছিল দেশটির জাতীয় রক্ষীবাহিনী ও পুলিশ আটকে দেয়।

দক্ষিণ আমেরিকার ৩ কোটি মানুষের দেশ ভেনেজুয়েলা। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো চরম অর্থনৈতিক সংকটের কারণে ক্রমশ চাপের মুখে পড়ছেন।

প্রান্তিক গোষ্ঠীর মানুষদের জন্য আয়োজিত একটি সমাবেশে বৃহস্পতিবার ভাষণ দেন মাদুরোর। ওই সময়েই শত শত বিক্ষুব্ধ মানুষও সেখানে যেতে চাইলে নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকায় দোকানের সামনে দীর্ঘলাইনে দাঁড়িয়ে থাকা মানুষেরা খাবার সংগ্রহ করতে না পেরে মিছিল করে। সেখানে একটি খাদ্যবোঝাই ট্রাক হাইজ্যাক করারও চেষ্টা চালায় তারা।

একজন নারী দেশটির বিরোধীপক্ষের প্রভাবপুষ্ট টেলিভিশন চ্যানেল ভিবোপ্লেকে বলেন, “আমি সকাল ৮টা থেকে এখানে দাঁড়িয়ে আছি। দোকান এবং সুপারমার্কেটগুলোতে কোনো খাবার নেই।”

“আমরা ক্ষুধার্ত এবং ক্লান্ত” বলেন তিনি।

এ ঘটনায় বিরোধীরা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে সরকার। পাশাপাশি নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ভেনেজুয়েলায় বিশ্বের সর্ববৃহৎ তেলে মজুদ রয়েছে। কিন্তু এরপরও দেশটি নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, দুধ ও ময়দার গুরুতর ঘাটতিতে পড়েছে।

এ পরিস্থিতির জন্য বিশ্বব্যাপী তেলের মূল্য কমে যাওয়া এবং তার বিরোধীদের ‘অর্থনৈতিক যুদ্ধ’কে দায়ী করেছেন মাদুরো।

এফএফ